গোড়ায় গলদ...
ফুটওভারব্রিজের সিঁড়ি তৈরি নিয়ে পরিকল্পনার অভাব দেখা যাচ্ছে। কোথাও ফুটপাতের ওপর সিঁড়ি বানিয়ে পথচারীদের চলায় বাধা সৃষ্টি করা হয়েছে, আবার কোথাও সিঁড়ি সংকীর্ণ হওয়ায় ওভারব্রিজে ওঠানামায় সমস্যা হচ্ছে। বাংলামোটর মোড়ে কবি ইউসুফ পাশা ফুটওভারব্রিজের সিঁড়ি দিয়ে গাদাগাদি করে ওঠানামা করতে হয় পথচারীদের। একই অবস্থা দেখা গেল বনানী-কাকলী ফুটওভারব্রিজে।এদিকে নগরের কোনো কোনো ফুটওভারব্রিজে ভাঙন ধরেছে। এগুলো মেরামত করা না হলে দুর্ঘটনা ঘটতে পারে। রোকেয়া সরণিতে শেওড়াপাড়ার ফুটওভারব্রিজের পশ্চিম প্রান্তের লোহার পাটাতন ফুটো হয়ে যাচ্ছে। এমন ফুটো দেখা গেছে মিরপুর সড়কের ওপর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের পাশের ফুটওভারব্রিজেও। এদিকে শ্যামলী ফুটওভারব্রিজের কংক্রিটের সিঁড়ির অনেক ধাপের মাথায়ই লোহার পাত নেই। এ জন্য সেসব সিঁড়ির ধাপ ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। একটু অসাবধান হলেই এখানে পা পিছলে পড়ে যেতে পারে পথচারীরা।নগরের কোনো ফুটওভারব্রিজে ছাউনি আছে, আবার কোনোটায় নেই। এর মধ্যে নিউমার্কেট-গাউছিয়া ফুটওভারব্রিজের ছাউনির প্রায় অর্ধেকটা ভেঙে গেছে। বীর উত্তম জিয়াউর রহমান সড়কের (বিমানবন্দর সড়ক) জিয়া কলোনি, শেওড়া ও কাওলার ফুটওভারব্রিজে ছাউনির জন্য স্ট্যান্ড রাখা হলেও সেগুলোয় ছাউনি বসানো হয়নি।নগরের যেসব ফুটওভারব্রিজে ছাউনি নেই তার মধ্যে আছে: আজিমপুর ফুটওভারব্রিজ, উত্তরা আজমপুর ফুটওভারব্রিজ, বারিধারা নতুন বাজার ফুটওভারব্রিজ, টিকাটুলী ফুটওভারব্রিজ, মিরপুর ১০ নম্বর সেকশন ফুটওভারব্রিজ, শেওড়াপাড়া ফুটওভারব্রিজ, উত্তরার মাসকট প্লাজার পাশের ফুটওভারব্রিজ প্রভৃতি।