গোড়ায় বসে চূড়ার খবর
নেপালে যাওয়ার কথা ছিল বেশ কয়েক দিন আগে। আবার ফেরার কথাও ছিল ২৩ মের আগেই। কিন্তু যে কাজে যাওয়া, অর্থাৎ মধ্যমাসিক সাময়িকী তবুওর সঙ্গে কাঠমান্ডুর কজন স্কাউট তরুণের সভা; সেই কাজে দীর্ঘ বিলম্ব হলো। শেষমেশ ১৯ মে রওনা হলাম। কিন্তু দুপুর ১২টার ফ্লাইট রাত সাড়ে আটটায় ঢাকা ছাড়ল। দ্বিতীয় বিলম্ব! যথেষ্ট বিরক্তি নিয়েই ঢাকা থেকে কাঠমান্ডু যাত্রা। কিন্তু তখন কি জানতাম, প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীমের পৃথিবীর শীর্ষে ওঠার ঘটনা হিমালয়ের পাদদেশে বসে প্রথম জানতে পারার সৌভাগ্য এনে দিতে যাচ্ছে এই যাবতীয় বিলম্বই!কাঠমান্ডুতে আমার সব কাজ এখন মুসা-মহিমায় তুচ্ছ। তাই ১৯ থেকে ২২ মের দিনগুলো বাদ। কাঠমান্ডু থেকে দেড় ঘণ্টা দূরত্বের নাগরকোটে ২৩ মে ভোরে ঘুম ভাঙল। ইচ্ছা ছিল হিমালয়ের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় দেখব। কিন্তু মেঘের বাধা। হোটেল-ঘরের বারান্দার রেলিংই দেখা যাচ্ছে না। ঠিক করলাম, যত দ্রুত সম্ভব কাঠমান্ডুতে ফিরব। কারণ দেশ ছাড়ার সময় নর্থ আলপাইন ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান জায়েদী কাঠমান্ডুর মুক্তিনাথ হলিডেজের পরিচালক কমল আড়িয়ালের ফোন নম্বর দিয়ে বলেছিলেন, তাঁর কাছে মুসা ইব্রাহীমের খবর জানা যাবে।২৪ মে (গতকাল) আমাকে ঢাকায় ফিরতেই হবে। ঠিক করেছি, সরাসরি কমলের অফিসে চলে যাব এবং মুসা ইব্রাহীমের জন্য একটি ছোট্ট উপহার দিয়ে আসব। এভারেস্ট জয় হোক আর না হোক, অভিযান শেষ করে মুসা ইব্রাহীম কাঠমান্ডু হয়েই ঢাকায় ফিরবেন। অমলের কাছ থেকে পাবনার একখানা গামছা (আমার উপহার) পেয়ে দারুণ সারপ্রাইজড হবে মুসা!নাগরকোট থেকে চলে যাই কাঠমান্ডুর জ্যাঠা থামেলে অবস্থিত মুক্তিনাথ ট্রাভেলের কার্যালয়ে। ঢুকেই দেখি কমল সাহেব এক জাপানি পর্যটককে তিব্বতে যাওয়ার নিয়মকানুন বোঝাচ্ছেন। আবার বিলম্ব! প্রায় ৪০ মিনিট পর কমলের সঙ্গে কথা হলো। তাঁর কাছে মুসা ইব্রাহীমের জন্য গামছাটা রেখে যাব বলতেই বললেন, ‘ও আচ্ছা, সে এভারেস্ট জয় করেছে, তাই এই উপহার!’আমি আকাশ থেকে পড়লাম। আর কমল ভেবেছিলেন, আমি খবর পেয়েই ছুটে এসেছি উপহার হাতে। কমল জানালেন, তিনি ইতিমধ্যেই এ খবর মুসা ইব্রাহীমের স্ত্রী উম্মে সরাবন তহুরাকে ই-মেইল করে জানিয়েছেন। আমার পকেটে আরেকটি ছোট্ট বাংলাদেশি উপহার ছিল। সুসংবাদ দেওয়ার জন্য তা কমলকে দিয়ে বেরিয়ে পড়লাম।সঙ্গে থাকা আমার গাইড (পথপ্রদর্শক) ধুনগানাকে বললাম, একটা খবর শুনলাম, চলুন, আপনাকে মিষ্টি কিছু খাওয়াই। আসলে আমার মাথা বোধ হয় কাজ করছিল না। ক্যাফেতে বসে কফিতে চুমুক দিতে দিতে ‘আওয়ার মুসা ইব্রাহীম হ্যাজ রিচড দ্য টপ অব দ্য ওয়ার্ল্ড’ লিখে আমার বাবা ও আলপাইন ক্লাবের জায়েদী ভাইকে এসএমএস করলাম। এর পরই পুরো ব্যাপারটা মাথায় চেপে বসল। কমলকে ফোন দিয়ে ব্যাপারটা তিনি নিশ্চিত কি না, জানতে চাইলাম। কমল জানালেন, মুসাকে এই অভিযানের জন্য উপকরণ সহায়তা (লজিস্টিক সাপোর্ট) দেওয়া ‘হিমালয়ান গাইডস নেপাল’ এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশের প্রথম কেউ এভারেস্ট জয় করেছে, অবশ্যই আমার চিন্তার কারণ আছে! তাঁর কাছ থেকে নম্বর নিলাম হিমালয়ান গাইডসের ব্যবস্থাপনা পরিচালক ঈশ্বরী পাড়ওয়ালের। তাঁকে ফোন করার মধ্যেই প্রথম আলোর সিমু নাসের, জিয়া ইসলাম আর এটিএন নিউজের নওরোজ ইমতিয়াজ ফোন করে হুলুস্থুল শুরু করে দিলেন।ফোন দিলাম ঈশ্বরীকে। আমার মুখে মুসা ইব্রাহীম নামটি শুনেই জানিয়ে দিলেন, ‘ইয়েস ইয়েস, হি গোজ আপ দিস মর্নিং।’ ‘আপনি কি নিশ্চিত?’ বারবার জিজ্ঞেস করি, ‘মুসা ইব্রাহীমকে চেনেন তো? পর্বতটা এভারেস্ট তো?’ ইত্যাদি প্রশ্নের তোড়ে তিনি জানালেন, তিনি পুরোপুরি নিশ্চিত হয়েই কথা বলছেন। কারণ অগ্রবর্তী (অ্যাডভান্সড) বেসক্যাম্প সর্দার ভোলা পাড়ওয়াল (ঈশ্বরীর ভাই) স্যাটেলাইট ফোনের মাধ্যমে মুসা ইব্রাহীম ও তাঁর দলের চূড়া বিজয় নিশ্চিত করেছেন এবং পবর্তারোহীদের সর্বশেষ সংবাদ সংগ্রহ করেছেন বেতারযন্ত্রের মাধ্যমে। ‘স্যাটেলাইট ফোন’ ও ‘ওয়্যারলেস’—এই শব্দ দুটিই আমার জন্য যথেষ্ট ছিল। ফোন রেখেই আমার গাইডকে বললাম, আমাকে এক্ষুনি হিমালয়ান গাইডসের অফিসে নিয়ে চলুন। তখনো আমি ঠিক ব্যাপারটা পুরোপুরি হজম করে উঠিনি। কিন্তু হিমালয়ান গাইডসের অফিসে ঢুকেই পাড়ওয়ালের টেবিলের ওপর দেখি স্তূপ করে রাখা আরোহীদের একগাদা ছবি এবং কাকতালীয়ভাবে সবার ওপরের ছবিটাই মুসা ইব্রাহীমের।পাড়ওয়ালের সঙ্গে বিশ মিনিট কথা হলো। তিনি আমাকে সম্পূর্ণ ঘটনাটা জানিয়ে দিলেন, যা পাঠকেরা ইতিমধ্যে জেনে গেছেন।আমি নিশ্চিত হলাম, মুসা ইব্রাহীমের মাধ্যমেই এসেছে বাংলাদেশের এভারেস্ট বিজয়। তখন আমার কাজ ছিল একটাই—স্যাটেলাইট ফোনের নম্বর ও মুসা ইব্রাহীমের বিজয় সম্পর্কে যা যা তথ্য পেলাম তা লিখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া।অনিক খান: ছড়াকার, নির্বাহী সম্পাদক, উন্মাদ।