গোয়াইঘাটের ৬টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিস্তীর্ণ একটি হাওর-অঞ্চলের ৬টি গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে ওই অঞ্চলের শিশুরা বঞ্চিত হচ্ছে প্রাথমিক শিক্ষা থেকে।উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে নন্দিরগাঁওয়ের শিয়ালাহাওর ও বাইমারপার, তোয়াকুল ইউনিয়নের মেউয়ারকান্দি ও চদিবদিহাওর, লেঙ্গড়া ইউনিয়নের কাঁঠালকুড়ি কান্দি, ফতেহপুর ইউনিয়নের বাঘবাড়ি এ ছয়টি গ্রাম গোয়াইনঘাটের প্রত্যন্ত হাওর-অঞ্চলে অবস্থিত। গ্রামগুলোতে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। গ্রামগুলো পাশাপাশি হলেও ৪টি ইউনিয়নের সীমারেখায় পড়ায় এরা নিজেদের বিদ্যালয় স্থাপনের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগীতা পাচ্ছে না। অপরদিকে হাওর অঞ্চল হওয়ায় এখানকার যোগাযোগ ব্যবস্থাও খুব খারাপ। ফলে ছোট্ট শিশুরা দূরবর্তী স্কুলে গিয়ে লেখাপড়াও করতে পারছে না।ন কিছু ছেলেমেয়ে ঐসব প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলেও বর্ষাকালে চারিদিকে পানি থাকায় স্কুলে যেতে পারে না।সরজমিনে শিয়ালা হাওর গ্রামে গেলে হানিফ মিয়া নামে একজন মৎস্য বিক্রেতা জানান, তাঁর তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে কেউই বিদ্যালয়ে যায় না। কারণ গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় নেই। সবচে কাছের স্কুল জলুরমুখ আবাদী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আড়াই কিলোমিটার দূরে। শুকনো মৌসুমে বড়জোর তিন মাস বিদ্যালয়ে যাওয়া গেলেও বর্ষাকালে উত্তাল হাওর পেরিয়ে বিদ্যালয়ে যাওয়া একেবারেই অসম্ভব। তাঁর ছয় বছরের মেয়ে হানিফাকে স্কুলে যেতে চায় কি-না, প্রশ্ন করলে সে বলে ,‘কিলা যাইতাম, স্কুল যে দূরই।’লেঙ্গড়া ইউনিয়নের কাঁঠালকূড়ি কান্দি গ্রামের মোস্তফা বেগম বলেন, ‘আর যদি কোন নির্বাচন আয় আর ভোট চায় আগে কইমু ইস্কুল দে।’ একই গ্রামের আব্দুল রশিদ বলেন, ‘বর্ষাকালে নদী অনেক বড় হয়ে যায়। প্রবল স্রোতও থাকে। যে দিন পারি মেয়েকে নিজে নিয়ে ইস্কুলে দেই। না পারলে মেয়ে স্কুলে যেতে কান্নাকাটি করে। কারণ উপবৃত্তি পায়। সু্কলে না গেলে টাকা পাবে না। কিন্তু নিজেদের গ্রামে স্কুল থাকলে আমাদের এ সমস্যা হত না।’ফতেহপুর ইউনিয়নের বাঘবাড়ি গ্রামের চর্মকার সমপ্রদায়ের কুটই রবিদাস বলেন, ‘আমার দুই ছেলেকে আমার সাথে কামে নেই। পানির দেশে বাস করি। নৌকাও নাই স্কুলও নাই।’তোয়াকুল ইউনিয়নের মেউয়ারকান্দি গ্রামের একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, ‘আমরা এমন গ্রামে বাস করি স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে গেলেও আজও একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন হল না।’ তোয়াকুল ইউনিয়নের চদিবদি গ্রামের অধিকাংশই দরিদ্র জেলে। লেখাপড়া নিয়ে তাদের শান্তনা যেনো একটাই, স্কুল নেই, লেখাপড়াও নেই।শিশুদের মাছ ধরা আর বিক্রিই একমাত্র কাজ।শিক্ষা বঞ্চিত শিশুদের ব্যাপারে কথা হয় জলুরমুখ নমঃ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাজমা ইয়াছমিন বলেন, ‘আমাদের ক্যাচমেন্ট এলাকার জরিপকৃত বিদ্যালয় গমনোপযোগী শিশুর সংখ্যা মাত্র ১৫৬ জন। অথচ আমাদের স্কুেলর শিক্ষার্থী সংখ্যা ২৯৫ জন। অন্য ক্যাচমেন্ট থেকে আমরা বাধ্য হয়ে এত ছাত্রছাত্রী ভর্তি করেছি।’সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ চৌধুরী বলেন,‘ দীর্ঘদিন ধরে গোয়াইনঘাটে কাজ করছি। ঐ এলাকায় নতুন বিদ্যালয় স্থাপন প্রয়োজন বলে আমি মনে করি।’উপজেলার শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন দে বলেন,‘ গ্রামের মানুষ উদ্যোগ নিলে আমার সাধ্যমত চেষ্টা করব।’উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ‘আমি নিজেও শিক্ষক ছিলাম । শিক্ষার প্রতি আমার আলাদা টান আছে । ঐ অঞ্চলে স্কুল স্থাপনের ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত আছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) এ,কে.এম তারেক বলেন, ‘সরকার নতুন বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিচ্ছেন , অগ্রাধিকার ভিত্তিতে ঐসব এলাকায় যাতে বিদ্যালয় হয় আমি চেষ্ঠা করব।’উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী প্রথম আলোকে বলেন,‘ শুধু এই ছয়টি গ্রামেই নয়। গোয়াইনঘাটের মত এত বড় উপজেলায় মাত্র ৮৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যান্য বেসরকারি ও কমিউনিটি মিলে সর্বমোট ১১৫ টি প্রাথমিক বিদ্যালয়। গোয়াইনঘাটে কম হলেও আরো ৫০টি প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন। আমি এ ব্যাপারে গোয়াইনঘাটকে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানাছি।’