গোয়াইন ঘাটে পুলিশ নিহত, আটক ১২
সিলেটের গোয়াইন ঘাটে সীমান্তবর্তী এলাকায় চুরি যাওয়া গরু উদ্ধার করতে গিয়ে আজ মঙ্গলবার ভোরে চোর চক্রের হামলায় মিজানুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি গোয়াইন ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ছিলেন। এ ঘটনায় পুলিশ ওই এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে। গোয়াইন ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গত ১৩ ফেব্রুয়ারি গোয়াইন ঘাট এলাকা থেকে ৪০টি গরু চুরি হয়। গরু উদ্ধারে মিজানুরের নেতৃত্বে পুলিশের একটি দল আজ আলীরগাঁও ইউনিয়নের বার্কিপুর গ্রামে যায়। এ সময় চোর চক্রের সদস্যরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে মিজানুর গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।সিলেটের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পর পুলিশ ১২ জনকে আটক করেছে। চুরি হওয়া ২৭টি গরু উদ্ধার করা হয়েছে।