গোয়াইনঘাটে গরু চুরির ভয়ে কৃষক গোয়ালঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাটে আশংকাজনকভাবে গরু চুরি বেড়ে গেছে। গরুচোরের উত্পাতে সর্বস্বান্ত হয়ে পড়ছেন উপজেলার দরিদ্র কৃষকরা। প্রায় প্রতি সকালেই শোনা যায় কৃষকের একমাত্র সম্বল গরু হারানোর আর্তনাদ। এই ভয়ে কৃষকরা এখন গোয়ালঘরেই রাত কাটাচ্ছেন।উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে দেখা গেছে, এমন কোনো বাড়ি নেই যেখান থেকে গরু চুরি হয়নি। দক্ষিণ প্রতাপপুর গ্রামের একাধিক কৃষক জানান, তাঁরা প্রতিদিন গ্রামে পালা করে পাহারা দেন। গ্রামের যুবকরাও রাতে ঘুমান না। বাড়িপ্রতি একজন করে লোককে পাহারাদার নিযুক্ত করা হয়। তারপরও শেষ রক্ষা হয় না। চোরেরা ঠিকই কৌশলে গরু চুরি করে। দক্ষিণ প্রতাপপুর গ্রামের উপেন্দ্র দাস জানান, দুই মাস আগে তাঁর তিনটি হালের বলদ চুরি যায়। পরে দালাল ধরে ১০ হাজার টাকা খরচ করে গরুগুলো নিয়ে এসেছেন। জাফলং বাগানের আখড়ার বৈঞ্চব আখলু বৈরাগী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আখড়ার নিজস্ব কোনো আয় নেই। দুটি বাচ্চাসহ ছয়টি গাভি ছিল আমাদের আখড়ার সামান্য আয়ের উত্স। কিন্তু চোরেরা আমাদের সর্বস্বান্ত করে বাছুরসহ গাভিগুলো চুরি করেছে। এ ব্যাপারে থানায় যোগাযোগ করেও লাভ হয়নি। পরে দালালদের ৪০ হাজার টাকা নগদ দিয়ে গরুগুলো ফিরিয়ে এনেছি।’ গরু চুরির পর টাকা দিয়ে তা ফিরিয়ে এনেছেন এমন অনেকে নাম না প্রকাশ করার শর্তে জানান, থানায় গরু চুরির মামলা করেও লাভ নেই। বরং দালাল দিয়ে গরু ফিরিয়ে আনা ভালো।গত ২০ ডিসেম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের আলীর গ্রামের অনিল, বদাই, আমিনুল ও খালিক জানান, গরু চুরি করতে না পেরে চোরেরা ওই মাসে তাঁদের ঘরের অন্যান্য জিনিস চুরি করেছে। এ ছাড়া খোঁজ নিয়ে জানা যায়, গত ২৩ ডিসেম্বর শিমুলতলার কাদিরের তিনটি, লাবু গ্রামের মক্কুরের তিনটি, পিরিজপুরের বাবুলের একটি; গত ২৬ ডিসেম্বর রাতে কুর্নি গ্রামে মন্তাজের চারটি ও আলী গ্রামের সামসুল হকের একটি গরু চুরি হয়েছে। উপজেলার ফতেহপুর ইউনিয়নের মর্তুজা মাস্টার জানান, গত কয়েক মাসে তাঁর ইউনিয়নের বেশ কয়েকটি গরু চুরি হয়েছে। যাঁদের গরু চুরি হয়েছে তাঁরা একেবারেই হতদরিদ্র।নন্দিরগাঁও ইউনিয়নের লক্ষ্মীহাওর গ্রামের নরেশ বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে জানান, ‘নজর চেয়ারম্যান (ইউপি চেয়ারম্যান) মরার পরে গরুচোর ইতা উছলি গেছইন।’গরু চুরির বিষয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করলে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বললেও তাঁদের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। নন্দিরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, ‘গরুচোরদের অন্য পেশায় নিয়ে যেতে আমি উদ্বুদ্ধ করছি। কিন্তু অন্য পেশায় যে তাদের নিয়োগ দেব, আমার সে সুযোগ খুব কম।’ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হাসান বলেন, ‘এ বছর আমার ইউনিয়নে গরু চুরি অনেক কমেছে।’এদিকে গরু চুরির ব্যাপারে বক্তব্য জানতে পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুল ইসালামের মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। গোয়াইনঘাট থানার উপপরিদর্শক চন্দন চক্রবর্তী জানান, ‘দুর্গম এলাকা হওয়ায় অভিযান কিছুটা বাধাগ্রস্ত হয়। তারপরও আমরা বসে নেই।’গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন চৌধুরী জানান, ‘গরু চুরি বন্ধ করতে আমরা খুবই তত্পর। এ পর্যন্ত অনেককে ধরাও হয়েছে।’