গোয়াইনঘাটে টেলিটক গ্রাহকদের দুর্ভোগ
সিলেটের গোয়াইনঘাটে দীর্ঘদিন ধরে টেলিটকের গ্রাহকেরা দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসী জানান, অনেক সময় কথা শোনা যায় না। এমনকি কখনো টেলিটক নেটওয়ার্ক একেবারেই থাকে না।এলাকাবাসী জানান, গোয়াইনঘাটে টেলিটকের যাত্রাকালে কোম্পানি লোভনীয় প্রস্তাব দিয়ে উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক যোগাড় করে। ফলে বর্তমানে এ বিপুলসংখ্যক গ্রাহক নেটওয়ার্ক সমস্যার কারণে বিড়ম্বনার স্বীকার হচ্ছেন। তবে যাঁদের সামর্থ্য আছে, তাঁরা অন্য কোম্পানির সিম কিনছেন। খোঁজ নিয়ে জানা যায়, এ ব্যাপারে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন টেলিটক লোড ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, লোডিং ব্যবসা এখন অনেকটাই কমে গেছে। টেলিটকের গ্রাহক মঞ্জুর আহমদ বলেন, ‘লোভনীয় প্রস্তাব দিয়েছিল, তাই কিনেছিলোম। নেটওয়ার্ক সমস্যার কারণে এখন অন্য সিম ব্যবহার করি।’টেলিটক লোড ব্যবসায়ী রণঞ্জিত বলেন, ‘একসময় টেলিটক দিয়ে অনেক ভালো ব্যবসা করেছি। এখন লোডিং হয় না বললেই চলে।’ টেলিটকের গ্রাহক নজমুল হক বলেন, ‘টেলিটকের সেবা দানকারীদের দায়িত্বহীনতার কারণে দেশীয় এ কোম্পানির প্রতি আস্থা হারাচ্ছে মানুষ।’ টেলিটক লোড ব্যবসায়ী ফয়ছল আহমদ বলেন, ‘এ বিষয়ে সিলেট ও ঢাকার কাস্টমার সার্ভিস বিভাগে অনেকবার যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি।’