গোয়াইনঘাটে পুড়েছে ১০টি বসতঘর
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের শিমুলতলা গ্রামে অগ্নিকাণ্ডে একটি বাড়ির ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে।ক্ষতিগ্রস্ত পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার শিমুলতলা গ্রামের ধীরাই আলীর বাড়ির একটি ঘরে আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে বাড়ির ১০টি ঘর পুড়ে যায়।তবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, পূর্বশত্রুতার জের ধরে কেউ এ কাজ করে থাকতে পারে।ক্ষতিগ্রস্ত ধীরাই আলী জানান, তাঁর ছেলে চমক আলীর কাছে একটি সমিতির দেড় লাখ টাকা ছিল। আগুনে এ টাকাগুলোও পুড়ে গেছে।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান প্রথম আলো ডটকমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা বলা সম্ভব হচ্ছে না।