গোয়াইনঘাটের ‘রেজাল্ট স্যার’
সবার কাছে তিনি ‘রেজাল্ট স্যার’ নামে পরিচিত। তাঁর নাম কবির উদ্দিন। সিলেটের গোয়াইনঘাটের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। এ বছর ‘ছোটদের এসএসসি’-খ্যাত পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় তাঁর বিদ্যালয় উপজেলায় সেরা ফল করেছে। এ বছর তিনি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকও নির্বাচিত হয়েছেন। তাঁর বিদ্যালয় চারবার উপজেলার সেরা ফল করার জন্য সবার কাছে তিনি ‘রেজাল্ট স্যার’ নামে পরিচিতি লাভ করেছেন। সাফল্যের শুরু: ২০০৬ সালের ১২ এপ্রিল কবির উদ্দিন প্রধান শিক্ষক হিসেবে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ওই বছর সাতজন বৃত্তি পরীক্ষা দিলে সাতজনই ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। নিজের কথা: মাস্টার ডিগ্রি পাস করার পরও আমার স্বপ্ন ছিল, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করব। তাই আমি সব সময় শিশুদের ভালো কিছু দিতে চাই। এ কারণেই বিদ্যালয়ে শিশুদের প্রচুর সময় দেওয়ার চেষ্টা করি। আগে আমরা বৃত্তি পাওয়ার জন্য ভালো কিছু শিক্ষার্থীর প্রতি বেশি মনোযোগ দিতাম। এতে বাকিরা বঞ্চিত হতো। সমাপনী পরীক্ষা হওয়ায় এ বিষয়টি আর হচ্ছে না। আমার বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ থাকলেও শ্রেণীকক্ষে বৈদ্যুতিক পাখা নেই, কিছু বই স্থানীয়ভাবে সংগ্রহ করলেও পর্যাপ্ত নয়। খেলাধুলার সামগ্রী ও আসবাবপত্রের অপ্রতুলতা রয়েছে। মাঠও ছোট। আমি একে একে সবকিছু সমাধান করার চেষ্টা করছি। অনুসন্ধানে এলাকার লোকজন, অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করে জানা যায়, সকাল সাড়ে নয়টায় স্কুল শুরু আর সোয়া চারটায় ছুটি হলেও কবির উদ্দিন স্কুল শুরুর পূর্বে ও ছুটির পর পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিশেষ ক্লাস নেন। এ জন্য তিনি কোন ফি নেন না, বরং দরিদ্র-মেধাবীদের স্কুল তহবিল থেকে খাতা-পত্র কিনে দেন। বছরের শুরুতেই তিনি পাঠ পরিকল্পনা, বার্ষিক পরিকল্পনা ও সাজেশন্স তৈরি করেন। অনুপস্থিত ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের সচেতন করে বিদ্যালয়ে উপস্থিত নিশ্চিত করেন। ২০০৯ সালে প্রথম বিভাগ প্রাপ্ত ছাত্রী রহিমা বেগম জানায়, হেড স্যার সব পড়া বিদ্যালয়েই শিখিয়ে দেন। বাড়িতে গিয়ে বেশি পড়া লাগে না। বিদ্যালয় পরিচালনা কমিটির মহিলা সদস্য শাহিদা বেগম বলেন, ‘আমরা সবাই একটা পরিবারের মতোই আছি। কবির স্যার অভিভাবকদের সচেতন করে তুলেছেন।’বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মইন উদ্দিন বলেন, প্রধান শিক্ষক সঠিকভাবে দায়িত্ব পালন করেন। স্কুলে শিক্ষকদের সব বিষয়ে সহযোগিতা করেন। আসলে কবির উদ্দিন অন্য রকম একজন প্রধান শিক্ষক। নয়াপাড়া বিদ্যালয়ের সবচেয়ে নিকটবর্তী বিদ্যালয় তোয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আলম বলেন, ‘ভালো ফলের জন্য আমরাও নিরলস প্রচেষ্টা চালাচ্ছি। এ বছর আমরা পেয়েছি ১৪টি প্রথম বিভাগ। কিন্তু কবির উদ্দিন পেয়েছেন ২৬টি। আসলে তরুণ এ শিক্ষক বড় কিছু করবেন। আমি তাঁকে অভিনন্দন জানাই।’ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, কবির উদ্দিন নয়াপাড়া বিদ্যালয়কে আলোকিত করেছেন তাঁর মেধা ও শ্রমে। গোয়াইনঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন দে বলেন, ‘কবির উদ্দিন নিবেদিতপ্রাণ শিক্ষক। তিনি তাঁর শ্রমের ফলও পাচ্ছেন। আমরা এ বছর তাঁকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছি। তা ছাড়া জাতীয় পর্যায়েও তাঁকে মূল্যায়ন করা হচ্ছে।’ গোয়াইনঘাট উপজেলা ভাইস-চেয়ারম্যান জামাল উদ্দিন কবির উদ্দিন সম্পর্কে বলেন, ‘জনপ্রতিনিধি হওয়ার পূর্বে হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলাম। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন বলেন, শিক্ষক কবির উদ্দিন নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁকে যথাযথ মূল্যায়ন করা হবে। উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী প্রথম আলোকে বলেন, গোয়াইনঘাটের প্রাথমিক শিক্ষার উন্নয়নে কবির উদ্দিনের মতো শিক্ষকদের প্রয়োজন।