গোয়ালন্দবাসীর যন্ত্রণা একটি মদের দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের আড়তপট্টিতে অবস্থিত মদের দোকানটি এখন গোয়ালন্দবাসীর গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে দোকানটি সরানোর দাবি জানালেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।গোয়ালন্দ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশ স্বাধীন হওয়ার আগে গোয়ালন্দ যখন মহকুমা ছিল, সে সময় গোয়ালন্দ বাজারের কাছে নৌবন্দর স্থাপিত হয়। আর এ নৌবন্দরকে কেন্দ্র করে ঘোষপট্টি এলাকায় একটি যৌনপল্লী গড়ে ওঠে। এই যৌনপল্লীকে কেন্দ্র করে রাজবাড়ীর রণজিৎ কুমার সরকার দেশি মদ বিক্রির একটি দোকান চালু করেন। প্রায় দেড় যুগ আগে যৌনপল্লীটি দৌলতদিয়া ঘাটে স্থানান্তরিত হয়। কিন্তু মাদকসেবী ও যৌনকর্মীরা এই মদের দোকানে এখনো আসা-যাওয়া করে। তাদের অনেকেই দোকানে মদ পানের পর মাতাল হয়ে পাশের দোকানে হামলা চালায় এবং পথচারীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। অথচ এই মদের দোকানের সামনে দিয়ে উপজেলার উজানচর, দৌলতদিয়া ইউনিয়ন ও পৌর এলাকার কয়েক হাজার মানুষ এবং শহরে অবস্থিত ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। তারা প্রায়ই মাতালদের কারণে বিব্রত অবস্থায় পড়ে।বাজারের আড়তদার রাজেশ কুমার বলেন, ‘এই মদের দোকানটি এলাকার মানুষের জন্য একটা দুর্বিষহ যন্ত্রণা। মাতালেরা মদ পান করে মাতলামি করে বিভিন্ন প্রতিষ্ঠানে হুমড়ি খেয়ে পড়ে। এটি সরানোর জন্য পৌরসভার মেয়রের কাছে আবেদন করেছিলাম। মেয়র লাইসেন্স ছাড়া কারও কাছে মদ বিক্রি না করার জন্য কঠোর নির্দেশ দিয়েছিলেন। কিছুদিন বন্ধও ছিল, আবার যা ছিল তা-ই হয়ে গেছে।’ আড়তপট্টি জামে মসজিদ কমিটির সভাপতি সাইদুর রহমান বলেন, ‘যাদের জন্য এখানে দোকানটি প্রয়োজন ছিল, তারা প্রায় ১৬-১৭ বছর আগে দৌলতদিয়ায় চলে গেছে। এখন তো দোকানটি এখানে থাকার কোনো প্রয়োজন নেই। দোকানটির কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদের মুসল্লি, সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা প্রতিদিনই বিড়ম্বনার শিকার হচ্ছেন। দোকাটি কেন সরানো হচ্ছে না তা জানি না।’ পৌরসভার কাউন্সিলর প্রণব ঘোষ বলেন, ‘মদের দোকানটি গড়ে উঠেছিল যৌনপল্লীকে ঘিরে। কিন্তু যৌনপল্লী যেহেতু এখানে নেই, তাই দোকানটিও থাকতে পারে না। আমরা চাই প্রশাসন দ্রুত দোকানটি এখান থেকে সরিয়ে নিক।’ স্থানীয় কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘মদের দোকানের সামনে দিয়ে প্রতিদিন কলেজের কয়েক শ ছেলেমেয়ে যাতায়াত করে। তারা নানা বিড়ম্বনার শিকার হয়ে আমার কাছে অভিযোগ করে। বিষয়টি একাধিকবার উপজেলা আইন-শৃঙ্খলা সভায় অবহিত করেছি, কিন্তু কাজ হয়নি।’মদের দোকানের ব্যবস্থাপক প্রফুল্ল কুমার মণ্ডল বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যদি আমাদের সরতে বলে তাহলে সরে যাব। ব্যবসা জনগণের কথামতো বন্ধ রাখতে পারি না। আর এখানে ব্যবসা করতে হলে তো কিছু ছাড় দিতেই হয়। এ কারণে লাইসেন্স না থাকলেও বাধ্য হয়ে অনেকের কাছে মদ বিক্রি করতে হয়।’ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, ‘মদের দোকান সরানোর দাবি সম্পর্কে জেলা প্রশাসককে জানিয়েছি। তিনি অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) পুলিশ প্রশাসন নিয়ে একটি জায়গা নির্বাচন করে সরানোর নির্দেশ দিয়েছেন।’ গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনূর হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। তবে কর্তৃপক্ষের নির্দেশ এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দীন বলেন, ‘মদের দোকানটি সরানোর বিষয়টি জেলা আইন-শৃঙ্খলা সভায়ও উত্থাপিত হয়েছিল। এ ছাড়া লাইসেন্স বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।’