গোয়ালন্দে এক ব্যক্তিকে জবাইয়ের পর কুপিয়ে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গতকাল সোমবার রাতে মোহন সরদার (৪২) নামের এক ব্যক্তিকে জবাইয়ের পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা। মোহন স্থানীয় আওয়ামী লীগের নেতা সালাম মৃধা হত্যা মামলার প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে চরমপন্থী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছে।সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মোহন ও আরও দুই ব্যক্তি দেবগ্রামের দেলন্দি এলাকায় হেঁটে পদ্মা নদীর দিকে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাঁকে পার্শ্ববর্তী চরভবানীপুর পদ্মার পারে নিয়ে যায়। সেখানে প্রথমে তাঁকে জবাই ও পরে ধারালো অস্ত্র দিয়ে হাত, পা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে। এ সময় মোহনের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তেরা পালিয়ে যায়। খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মোহনের লাশ উদ্ধার করেন। এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন।গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে মোহনকে খুন করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মোহন সরদার নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা (সর্বহারা) দলের সঙ্গে জড়িত ছিলেন। ২০১১ সালের ১ ফেব্রুয়ারি তাঁর নেতৃত্বেই স্থানীয় আওয়ামী লীগের নেতা সালাম মৃধা ওরফে বালু সালামকে খুন করা হয়। তিনি ওই মামলার প্রধান আসামি হিসেবে পলাতক ছিলেন। এদিকে আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মোহনের লাশ রাজবাড়ীতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তাঁর স্ত্রী ময়না বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন। মোহনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাচরন্দ এলাকায়। তাঁর বাবার নাম মৃত পাচু সরদার।