গোয়ালন্দে কাভার্ড ভ্যান চাপায় তিন বন্ধু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডের কাছে পদ্মার মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় তিন বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত এবং গোয়ালন্দের মোড় থেকে ফরিদপুরের শিবরাম পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।নিহতেরা হলেন—নিলুশেখেরপাড়া গ্রামের মাজেদ প্রামাণিকের ছেলে সবুজ প্রামাণিক। তিনি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি মহাবিদ্যালয়ের বাণিজ্যিক শাখার দ্বাদশ শ্রেণীর ছাত্র। আর অন্য দুজন হলেন—ব্যাপারীপাড়া গ্রামের হাসেম ব্যাপারীর ছেলে রবিউল ব্যাপারী ও নিলুশেখেরপাড়া গ্রামের জিন্দার আলী ব্যাপারীর ছেলে মিজান ব্যাপারী (২২)। পুলিশ জানায়, গতকাল রাতে ওই মহাসড়কে একটি দুর্ঘটনায় দুজন মারা যায়। আজ ফজরের নামাজ শেষে এ তিন বন্ধু ওই দুর্ঘটনাস্থল দেখতে বের হয়। সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের পাশে ওই ইটভাটার সামনে দিয়ে যাওয়ার সময় সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানটি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।পরে চালক ভ্যানটি ফেলে পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা ভ্যানটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা আরও কয়েকটি বাস-ট্রাক ভাঙচুর করে। পরে রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা শাহানা বারী ও পুলিশ সুপার এস এম আইনুল বারী বিক্ষুব্ধ জনতার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। দাবিগুলোর মধ্যে রয়েছে দুর্ঘটনাস্থলে গতিরোধক পুনসংস্কার, মহাসড়কের পাশ থেকে ইটভাড়া সরানো, ভ্যানচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা।রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এএনএ ইটভাটা নামের ইটভাটার কয়েক হাজার ইট মহাসড়কের পাশে পায়ে চলা মাটির পথে রাখা ছিল। তাই ইটগুলো জব্দ করা হয়েছে।