গোয়ালন্দে চড়ক মেলায় মানুষের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ছোট ভাকলা গ্রামের মাঠে ১৪ এপ্রিল পয়লা বৈশাখে চড়ক মেলা দেখতে ভিড় জমায় কয়েক হাজার মানুষ। স্থানীয় বাসিন্দা মহাদেব ফকির বিশ্বাসের (৮২) নিজস্ব উদ্যোগে ১৭ বছর ধরে এ মেলার আয়োজন করা হয়। চৈত্র পূজার অংশ হিসেবে প্রতিবছর বাংলা সনের ২১ চৈত্র থেকে শুরু করে ৩ বৈশাখ পর্যন্ত চলে চড়ক মেলা। তবে চৈত্র মাসের শেষ দিনে এবং পয়লা বৈশাখে বসে এ মেলা। খোঁজ নিয়ে জানা গেছে, হিন্দু ধর্মালম্বীদের চৈত্র পূজার অংশ হিসেবে ছোট ভাকলা গ্রামের বাসিন্দা মহাদেব ফকির বিশ্বাস প্রতিবছর তাঁর নিজ জমিতে দিনব্যাপী এ মেলার আয়োজন করেন। এ মেলার প্রধান আকর্ষণ হচ্ছে মানুষের পিঠে বড়শি বিঁধিয়ে একটি বড় চড়কের সঙ্গে ঝুলিয়ে ঘুরিয়ে সবাইকে দেখানো। এ সময় হিন্দু ধর্মের অনেকেই তাদের বাচ্চাদের জন্য মানত হিসেবেও এ চড়ক মেলায় এসে থাকে। এ খেলা দেখতে গোয়ালন্দ, রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে। চড়ক মেলা উপলক্ষে নাগরদোলাসহ বিভিন্ন স্টলের পণ্যসামগ্রীর জমজমাট বেচাকেনা হয়ে থাকে।