গোয়ালন্দে ছেলের হাতে বাবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর ফকিরাবাদ গ্রামে গতকাল সোমবার বিকেলে নায়েব আলী শেখ (৯০) নামের এক ব্যক্তি ছেলে পরশ আলী শেখের (৩০) হাতে নিহত হয়েছেন।পুলিশ জানায়, গতকাল বিকেল চারটার দিকে পরশ আলী ও তাঁর স্ত্রী নেহেরার মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে পরশ নেহেরাকে দায়ের আছাড়ি দিয়ে মারধর শুরু করেন। এ সময় নেহেরার চিত্কারে তাঁর শ্বশুর নায়েব আলী নেহেরাকে বাঁচাতে এগিয়ে এলে পরশ তাঁর বাবাকেও দা দিয়ে আঘাত করেন।পরে আশপাশের লোকজন ছুটে এসে পরশকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং নায়েব আলীকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথেই নায়েব আলী মারা যান। পরে পুলিশ খবর পেয়ে নায়েব আলীর লাশ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠায় এবং পরশকে আটক করে থানায় নিয়ে যায়।আজ মঙ্গলবার সকালে পরশের বড় ভাই বাবলু শেখ একটি হত্যা মামলা দায়ের করেছেন।