গোয়ালন্দে বাস থেকে পিস্তল, গুলিসহ দুই বন্ধু গ্রেপ্তার
রাজবাড়ীর দৌলতদিয়া ক্যানালঘাটসংলগ্ন সাইনবোর্ড এলাকায় আজ শুক্রবার শেষ রাতে বাস থেকে চারটি বিদেশি পিস্তল, ৩২টি গুলি, আটটি ম্যাগাজিনসহ দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন ঢাকার মিরপুর এলাকার নওশাদ হোসেনের ছেলে মো. শাহজাহান হোসেন (২২) ও একই এলাকার সিরাজ হোসেনের ছেলে মো. বিপ্লব হোসেন (২০)।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শেষ রাতে ক্যানালঘাটসংলগ্ন সাইনবোর্ড এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী কে-লাইনের দূরপাল্লার বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের পেছনে ৪৪ ও ৪৫ নম্বর সিটের যাত্রী শাহজাহান ও বিপ্লবের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, ৩২টি তাজাগুলি ও আটটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।গ্রেপ্তার হওয়া দুই বন্ধুই জানান, গত বুধবার রাতে তাঁরা এক নিকট আত্মীয়ের সন্ধানে খুলনা গিয়েছিলেন। ওই আত্মীয়কে না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে বাসে ওঠেন। তবে এ অস্ত্র বহনের সঙ্গে তাঁরা জড়িত নন বলে দাবি করেন।