গোয়ালন্দে বিএডিসির বীজ না পেয়ে ফিরে যাচ্ছে কৃষক
রাজবাড়ীর গোয়ালন্দে চলতি মৌসুমে বোরো বীজতলা শুরু হলেও বিএডিসির বীজ না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। আবার বীজসংকটের অজুহাতে কেউ চড়া দামে বিক্রি করছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা। এতে ধানের আবাদ লক্ষ্যমাত্রায় অর্জন করতে পারবে কি না তা নিয়ে আশঙ্কা রয়েছে।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গছে, গত মৌসুমে শীত ও কুয়াশার কারণে অধিকাংশ বীজতলা নষ্ট হয়ে গেছে। অসুস্থ এবং দুর্বল চারা দিয়ে আবাদ করা ধান থেকে তাঁরা ভালো বীজ সংগ্রহ করতে পারেননি। দু-চারজন কৃষক কিছু বীজ উৎপাদন করলেও চলতি মৌসুমে সেসব বীজ দিয়ে চারা উৎপাদন করে ধানের আবাদ করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ফলে নিজেদের উৎপাদিত বীজের সঙ্গে বিএডিসির বীজ দিয়ে চারা উৎপাদন করতে গিয়ে পড়ছেন বিপাকে। নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে বীজ কিনতে রাজি থাকলেও এখন পাওয়া যাচ্ছে না। গোয়ালন্দ কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় দুই হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে হাইব্রিড জাতের দশমিক ৮২৫ মেট্রিক টন, উফশী জাতের দশমিক ১২০ মেট্রিক টন এবং স্থানীয় জাতের ১২ মেট্রিক টন বীজের চাহিদা রয়েছে। এর মধ্যে কৃষকদের উৎপাদিত ৪২ মেট্রিক টন, কৃষি বিভাগের বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে ৪৮ মেট্রিক টন। কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে সরবরাহ করা হয়েছে ২০ মেট্রিক টন। আরও ১০ মেট্রিক টন বিএডিসির বীজের চাহিদা থাকার পর তা জানানোর হলে মাত্র দুই মেট্রিক টন বীজ সরবরাহ পাওয়া গেছে।এদিকে বীজের এ রকম সংকটের সুযোগে কৃষি উন্নয়ন করপোরেশনের অনুমোদিত বিক্রেতারা ৩৩০ টাকার নির্ধারিত প্রতি ১০ কেজি বীজের প্যাকেট ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করছেন বলে একাধিক কৃষক অভিযোগ করেছেন। দৌলতদিয়া গেন্দু বেপারিপাড়ার কৃষক আহম্মদ আলী জানান, বিএডিসির বীজ বাজারে নেই বলে বিক্রেতারা ৪০০ টাকায় বিক্রি করছেন। চার দিন আগে বাজারে গিয়ে তাও না পেয়ে অন্য কোম্পানির বীজ কিনে ফেরেন।বিএডিসির অনুমোদিত বীজ ডিলার মেসার্স ‘মা বীজ ভান্ডার’-এর প্রোপাইটর পলাশ চন্দ্র রায় বলেন, ‘বিএডিসির বীজ চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কেউ ৩৩০ টাকার পরিবর্তে ৪০০ টাকা দরে বিক্রি করেছে বলে শুনেছি। তবে আমার কাছে ১৫-১৬ দিন আগেই শেষ হওয়ায় এখন কৃষকেরা বিএডিসির বীজ না পেয়ে খালি হাতে কেউ অন্য কোম্পানির বীজ কিনে নিয়ে যাচ্ছে।’উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিসিআইসি অনুমোদিত সারের ডিলার নুরুজ্জামান মিয়া বলেন, বিএডিসির বীজ বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে ৮০ টাকা থেকে ১০০ টাকা বেশি দামে বিক্রি করছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল হক বলেন, ‘বিএডিসির কোনো বীজ বিক্রেতা ১০ কেজির নির্ধারিত প্যাকেট ৩৩০ টাকার বেশি বিক্রি করতে পারবে না। বেশি দামে কেউ বিক্রি করলে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া প্রতিবছরই বিএডিসি কৃষকদের চাহিদার তুলনায় বীজ কম সরবরাহ করে। চাহিদা থাকায় এবারও কম দেওয়ার বিষয়টি বিএডিসির রাজবাড়ীর কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।’