গোয়ালন্দে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৩
পুলিশ আজ মঙ্গলবার ভোরে ফরিদপুর থেকে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। চাঁদা না পেয়ে জেলার গোয়ালন্দ বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে তাঁরা হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ মিশা (২৬), রুমন (২৫) ও শরিফুল (২৭)।প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, গতকাল সোমবার রাত আটটার দিকে ছাত্রলীগের নেতা আল মাহমুদ মিশার (২৬) নেতৃত্বে সাত থেকে আটজন যুবক বাজারের প্রধান সড়কের পাশের ইমন টেলিকম নামক মোবাইল ফোনের দোকানে ভাংচুর চালান। এতে ওই দোকানের কম্পিউটার, ১০টি মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ সময় দোকানে থাকা কর্মচারী আফজাল হোসেন (২৪) গুরুতর আহত হন। এরপর একই দল বাজারের রেলস্টেশন এলাকায় বিধানের মিষ্টির দোকান ভাংচুর করেন। এতে তাঁর প্রায় ১০ হাজার টাকার মিষ্টি নষ্ট হয়।ইমন টেলিকমের মালিক সালমা আগান জানান, ঘটনার কয়েক দিন আগে মিশা তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ টাকা দিতে অস্বীকার করায় তাঁরা হামলা চালান। ব্যবসায়ী বিধান কুমার সাহা অভিযোগ করেন, গতকাল সকালে মিশা তাঁর কাছেও চাঁদা দাবি করেন এবং পাঁচ হাজার টাকা নিয়ে যান। আরও টাকা দিতে না পারায় রাতে দোকানে অতর্কিত হামলা চালান।তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবার দাবি করেছে, বিধানের ছেলে পাপ্পু (২৪) ও ইমন টেলিকমের কর্মচারী আফজালের সঙ্গে পুরোনো বিরোধ থাকায় শত্রুতাবশত তাঁদের আটক করা হয়েছে।