গোয়ালন্দে যুবলীগ নেতা খুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে গতকাল রোববার রাতে আবদুর রশিদ মোল্যা (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তিনি উজানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে থানায় দিয়েছে স্থানীয় লোকজন।সামেদ আলী নামের এক রিকশাচালকের বরাত দিয়ে উজানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য এজাজ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাত ১১টার দিকে ওই রিকশাচালক উজানচর ইউনিয়নের ভোলাই মাতুব্বরপাড়া গ্রাম দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি দেখতে পান, কয়েকজন ব্যক্তি একজনকে জোর করে পাশের একটি মাঠের দিকে নিয়ে যাচ্ছে। তাঁর চিত্কারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় রশিদ মোল্যাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় লোকজন একই ইউনিয়নের গণি শেখেরপাড়া গ্রামের রোকন ফকির নামের এক যুবককে আটক করে থানায় দিয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার প্রথম আলো ডটকমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রশিদ মোল্যাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে রশিদের বাবা ১০-১২ জনকে আসামি করে থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।