গোয়ালন্দে শিক্ষকের অভাবে কম্পিউটার শিক্ষা ব্যাহত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শিক্ষকের অভাবে শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠানের শিক্ষক প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে এলেও অভিজ্ঞতা তেমন না থাকায় শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা নিতে পারছে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে গোয়ালন্দ উপজেলায় ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও আটটি দাখিল মাদ্রাসা রয়েছে। এর মধ্যে দৌলতদিয়া মডেল উচ্চবিদ্যালয়, আক্কাস আলী উচ্চবিদ্যালয় ও উজানচর সাহাজদ্দিন মণ্ডল ইনস্টিটিউট এবং নন-এমপিওভুক্ত চারটি মাদ্রাসা ব্যতীত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০২ সাল থেকে পর্যায়ক্রমে সরকার ও বিভিন্ন দাতা সংস্থার পক্ষ থেকে ৩৬টি কম্পিউটার বিতরণ করা হয়। বিতরণের পর শিক্ষকের অভাবে ব্যবহার না করায় অধিকাংশ কম্পিউটার নষ্ট হয়ে গেছে। দু-একজন শিক্ষক ছাড়া বাকি সবারই কম্পিউটার বিষয়ে কোনো ধারণা না থাকায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্রছাত্রী কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র শহিদুল হক বলে, ‘আমাদের কম্পিউটার শেখার ইচ্ছা থাকলেও স্যার না থাকায় এবং কোনো ক্লাস না হওয়ায় আমরা শিখতে পারছি না।’ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন মণ্ডল বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে কম্পিউটার শিক্ষায় জাতিকে শিক্ষিত করে তোলার জন্য প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার দেওয়ার আগে অবশ্যই শিক্ষক নিয়োগ দেওয়া দরকার ছিল।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবা আক্তার বলেন, প্রয়োজনীয় ও দক্ষ শিক্ষক না থাকার কারণে কিছু কিছু প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা দেওয়া যাচ্ছে না। তার পরও এ ক্ষেত্রে বিষয়ভিত্তিক ও প্রতিষ্ঠানপ্রধানের আন্তরিকতা থাকতে হবে শিক্ষার্থীদের প্রতি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা প্রথম আলোকে বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে কোনো কম্পিউটার শিক্ষক না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে সরকারের উচিত শিক্ষক নিয়োগ দেওয়া। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক থাকার পর যদি কোনো ক্লাস না হয়, সে ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’