গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় কিশোরের মাথা বিচ্ছিন্ন
গোয়ালন্দে চলন্ত বাস থেকে উঁকি দেওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে সারোয়ার শেখ (১৪) নামের এক কিশোরের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাড়ি চর দৌলতদিয়ার রোকন মোল্লার পাড়ায়। আজ রোববার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের সিরাজখার হাট এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে খালেদা জিয়া দৌলতদিয়া ঘাটে পৌঁছালে তাঁকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন এলাকা থেকে বিএনপির সমর্থকেরা বাসে করে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিল। এ সময় একটি বাস থেকে সারোয়ার বাসের জানালার ভাঙা কাচ দিয়ে মাথা বের করে বাইরে উঁকি দিচ্ছিল। এ সময় পথের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তার মাথা সঙ্গে সঙ্গেই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়।এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে খালেদা জিয়ার গাড়িবহর থামিয়ে দেয়। কিন্তু পুলিশ ও র্যাব এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে বিএনপি কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা থেকে সারোয়ারের মাথা উদ্ধার করা হয়েছে। ওই বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।