গোয়ালন্দে ২৫ মিনিট লঞ্চ চলাচল বন্ধ
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে লঞ্চঘাট কর্মকর্তাদের সঙ্গে কর্তব্যরত পুলিশের ধস্তাধস্তির জেরে প্রায় ২৫ মিনিট লঞ্চ চলাচল বন্ধ করে দেয় লঞ্চ মালিক সমিতি। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষ চরম দুর্ভোগে পড়ে।জানা গেছে, আজ সকাল থেকে দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মস্থল ঢাকায় ফেরার জন্য শত শত মানুষ ভিড় জমাতে থাকে। এই ভিড়ের সুযোগে যাত্রীদের কাছ থেকে লঞ্চঘাট কর্মকর্তাদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এবং পকেটমার ও ছিনতাইকারীদের তত্পরতা রোধে অতিরিক্ত দায়িত্ব পালন করে পুলিশ। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে লঞ্চঘাটের কর্মকর্তা মো. মাসুদুর রহমানের শার্টের কলার ধরে এর কারণ জিজ্ঞেস করে পুলিশ। বিষয়টি লঞ্চ মালিক সমিতির নেতারা জানতে পারলে তাঁরা বেলা সোয়া দুইটা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেন। এ সময় ওই ঘাট থেকে কোনো লঞ্চ চলাচল করেনি। পরে বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা গোলাম মোস্তফার মধ্যস্থতায় লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক রহিম খান ও রাজবাড়ীর পুলিশ সুপারের আশ্বাসে ২৫ মিনিট পর লঞ্চ চলাচল শুরু হয়।বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, লঞ্চ মালিক সমিতির এক কর্মকর্তার গায়ে পুলিশ হাত তোলায় লঞ্চ চলাচল বন্ধ ছিল। পরে লঞ্চ মালিক সমিতির নেতা পুলিশ সুপারের সঙ্গে কথা বলে মীমাংসার আশ্বাসে লঞ্চ চালু করা হয়।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, ‘লঞ্চঘাটে হাজার হাজার যাত্রীর নিরাপত্তা দিতেই আমরা কাজ করছি। এ সময় যাত্রীদের নাজেহাল করা, বাড়তি ভাড়া আদায় ও ছিনতাইকারীদের তত্পরতা বন্ধে আমরা ব্যবস্থা নিতে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে অহেতুক কারও গায়ে পুলিশ সদস্য হাত তোলেনি। বিষয়টির মীমাংসা হয়ে গেছে।’