গোয়ালন্দে ৩০০ ভরি স্বর্ণ লুট, ডাকাতের হাতে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ শহরে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে ৩০০ ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা লুট হয়েছে। ব্যবসায়ী গোকুল চন্দ্র পাল দাবি করেছেন, গতকাল রোববার দিবাগত রাতে ডাকাতেরা তাঁর বাড়িতে হামলা চালায় এবং স্বর্ণ ও অর্থ লুট করে। এ সময় ডাকাতদের হামলায় তাঁর পরিবারের আট সদস্য আহত হয়েছে।স্থানীয় লোকনাথ জুয়েলার্সের মালিক গোকুল চন্দ্র পাল জানান, ওই ৩০০ ভরি স্বর্ণের মধ্যে তাঁদের তিন ভাইয়ের স্ত্রীদের ৬০ ভরি এবং বাড়িতে রাখা দোকানের ২৪০ ভরি গয়না ছিল। সরেজমিন গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত দেড়টার দিকে গোয়ালন্দ পৌর শহরের দাসপট্টি এলাকার বাসিন্দা গোকুল চন্দ্র পাল প্রকৃতির ডাকে বাইরে বের হন। এ সময় ১৫-১৬ জন অস্ত্রধারী ডাকাত বাড়ির গেটের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। ডাকাতেরা পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণ ও টাকা লুট করে এবং পরিবারের লোকজন চিত্কার করলে তাদের মারধর করে। তারা গোকুল চন্দ্রকে হাতে ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।গোকুল চন্দ্রের ভাই লক্ষণ চন্দ্র পাল জানান, ডাকাত দলের কয়েকজন হাফপ্যান্ট, লুঙ্গি ও মুখোশ পরা ছিল। তাদের প্রত্যেকের হাতে রামদা, চাইনিজ কুড়াল ও অন্যান্য ধারালো অস্ত্র ছিল। ডাকাতেরা তিন ভাইয়ের স্ত্রীদের ৬০ ভরি গয়না এবং বাড়িতে রাখা তিনটি দোকানের প্রায় ২৪০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। গোয়ালন্দ বাজার ও দৌলতদিয়া ঘাট এলাকায় লোকনাথ জুয়েলার্স নামে তাঁদের তিনটি দোকান রয়েছে। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানের নগদ দেড় লক্ষাধিক টাকা ও ছয়টি মোবাইল ফোনও ডাকাতেরা নিয়ে যায়। তারা মাত্র আধঘণ্টায় কাজ সেরে মাইক্রোবাসে করে চলে যায়। প্রতিবেশীদের কেউ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক বা কোনো মালামাল উদ্ধার হয়নি।