গোয়ালবাড়ির খাঁটি দুুধ
গোয়ালঘাট, গোয়ালনগর এখন শুধু নামেই আছে। এসব এলাকায় গরুর দুধ তো দূরের কথা, গোয়ালবাড়িরই খোঁজ মেলে না। তবে দয়াগঞ্জ রেলগেট গেলে পাওয়া যায় গোয়ালবাড়ি। এ বাড়িতে আছে গরু, মেলে খাঁটি দুধও।দয়াগঞ্জ রেলগেটের বাজারে গিয়ে জিজ্ঞেস করলেই যে কেউ দেখিয়ে দেবে বাড়িটি। দুই পাশে ছাউনির ভেতর সারিবাঁধা আছে কিছু গরু, সঙ্গে বাছুর। দেখা যাবে, একজন গাই দোয়াচ্ছেন। সদ্য দোয়ানো দুধ রাখা হচ্ছে বালতিতে। সেই ফেনা ওঠা দুধ মেপে দেওয়া হচ্ছে ক্রেতাকে। কোনো লুকোচুরি নেই, চোখের সামনে থেকে নগরের আর কোথায় এমন দুধ মেলে! ধানমন্ডি থেকে দুধ কিনতে দয়াগঞ্জের গোয়ালবাড়িতে এসেছিলেন কবির হোসেন। তিনি জানালেন, সপ্তাহে তাঁদের পাঁচ কেজি দুধ দরকার হয়। একদিন এসে সপ্তাহের দুধ নিয়ে যান। এত দূর থেকে কেন দুধ নিতে আসেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘এমন খাঁটি দুধ তো আর কোথাও পাওয়া যায় না। তাই এখানে আসি।’কোনো সাইনবোর্ড না থাকলেও গরুর খামারের কর্ণধার কালিদাস ঘোষ জানালেন, তাঁর এই খামারের নাম ‘সুমন ডেইরি ফার্ম’। দাদা কাঙালি ঘোষ ও বাবা বুদু ঘোষের হাত ধরে তিনি চালিয়ে যাচ্ছেন তিন পুরুষের গোয়ালার কাজ। এখন তাঁর ছেলেরাও এসেছেন এই পেশায়।১৪টি গরু নিয়ে কালিদাস ঘোষের গোয়ালবাড়ি। সকালের আলো ফুটতেই ঘুম থেকে উঠে গোয়ালঘর পরিষ্কার করে আটটার দিকে গাই দুইয়ে পাশের ঘরে রেখে দেন দুধ। তাঁর ভাগনি জ্যোৎস্না রানী ঘোষ মেপে মেপে বিক্রি করেন সেই দুধ। সকালের দুধ সাধারণত দুপুর ১২টার মধ্যে বিক্রি হয়ে যায়। আবার বিকেল পাঁচটা থেকে দুধ দোয়ানো শুরু হয়। এই দুধ সন্ধ্যা সাতটার মধ্যে বিক্রি হয়ে যায়। ১৪টি গরু প্রতিদিন ১০০ কেজির মতো দুধ দেয়।কালিদাস ঘোষ জানালেন, ঢাকা শহরে গরু লালন-পালন করাটা একটু কষ্টের। গরুর জন্য ঘাস সংগ্রহ করতে হয় সেই মাতুয়াইল থেকে। ভুসি, খৈল, কুঁড়াও এখন সহজলভ্য নয়। ‘তার পরও আমি আজীবন মানুষকে গরুর খাঁটি দুধ খাওয়াতে চাই।’ বলেন কালিদাস ঘোষ।