গোয়েন্দা অনুপ্রবেশে বিএসএফের দুঃখ প্রকাশ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে গত রোববার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন গোয়েন্দা কর্মকর্তার বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে তারা। আজ বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ময়মনসিংহ সেক্টর কমান্ডের উদ্যোগে নাকুগাঁও-ডালু সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে বিজিবি-বিএসএফের এক বৈঠকে বিএসএফের শিলং মহাপরিদর্শক সুদেশ কুমার এ কথা জানিয়েছেন।এ ছাড়া এ বৈঠকের মাধ্যমে সীমান্তে চোরাচালানসহ অন্যান্য অপরাধ কমাতে তাঁরা সমর্থ হবেন বলে সুদেশ কুমার আশা প্রকাশ করেন।বৈঠক শেষে বিজিবি, ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে বিরাজমান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে একপক্ষ আরেক পক্ষকে সহযোগিতা করার জন্য আলোচনা হয়েছে। এ জন্য আমাদের মধ্যে তথ্য বিনিময় করতে আমরা একমত হয়েছি। বিশেষ করে সীমান্তের ওপার থেকে আমাদের দেশে মাদক এসে আমাদের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকপাচার বন্ধ করার জন্য বিএসএফসহ অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে একত্রে মাঠে নামাবে বলে ভারত সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে বিএসএফ ময়মনসিংহ সেক্টরের অধীন কোনো সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকের ওপর গুলি করা হবে না বলে কথা দিয়েছে।’সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন বিজিবি, ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম। অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ, শিলংয়ের মহাপরিদর্শক (আইজি) সুদেশ কুমার। বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিএসফের শিলংয়ের উপমহাপরিদর্শক (ডিআইজি) রবি গান্ধী, মেঘালয় রাজ্যের তুরা সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার ভি কে চাঁদ, তুরার কমান্ডিং অফিসার অমর কুমার এক্কা, স্টাফ অফিসার বিকাশ কুমার সিং ও আসেম ইনো। বিজিবির পক্ষে ছিলেন ময়মনসিংহের ২৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে কর্নেল হ্লা হান মং, জামালপুর ৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আব্দুল খবীর সরকার, মেজর সাহেদ মেহের, মেজর মো. খালেদ আক্তার, মেজর খন্দকার আবু হোরায়রা ও মেজর নাজমুল হুদা।