হবিগঞ্জের ঘটনায় নির্বাহী তদন্ত সম্পন্ন
গোয়েন্দা পুলিশ চোরাকারবারির পক্ষ নিয়ে কৃষককে খুন করে
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) হাতে খুন হয়েছিলেন মাধবপুর উপজেলার আলী নগর গ্রামের কৃষক নুরুল ইসলাম। এলাকার এক চোরাকারবারির পক্ষ নিয়ে পুলিশ ওই কৃষককে খুন করে। প্রশাসনের নির্বাহী তদন্তে এর প্রমাণও মিলেছে। ২০১০ সালের ২৯ আগস্ট নুরুল ইসলাম খুন হন।খুন হওয়া ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, এলাকার মাদক ব্যবসায়ী আতাউর রহমান ও শাহিন মিয়া ডিবি পুলিশের সহযোগিতায় মাদক ব্যবসা করত। চোরাকারবারিরা যাতায়াত করত নুরুল ইসলামের বাড়ির উঠান দিয়ে। একদিন নুরুলের ছেলে জেবু মিয়া এতে বাধা দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ২০০৮ সালের ২৯ আগস্ট রাত ১২টার দিকে সাদা পোশাকের চারজন গোয়েন্দা পুলিশ নুরুলের বাড়িতে ঢুকে তাঁর ছেলে জেবুকে ঘর থেকে বের করে মারধর করতে থাকেন। জেবুকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে নুরুলসহ বাড়ির লোকজন বাধা দেন। তখন ওই অভিযানে যাওয়া উপপরিদর্শক (এসআই) বেলায়েতের নির্দেশে কনস্টেবল জাহিদ হোসেন গুলি ছুড়লে নুরুল গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।ঘটনার প্রায় এক মাস পর নিহত নুরুলের স্ত্রী জরিনা খাতুন হবিগঞ্জ জেলার গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন, কনস্টেবল জাহিদ হোসেন, মাহফুজুর রহমান, আলিছউর রহমান এবং মাধবপুরের মহনপুর এলাকার বাসিন্দা আতাউর রহমান ও শাহিন মিয়াকে আসামি করে মামলা করেন।পুলিশ প্রবিধান অনুসারে প্রতিটি গুলিবর্ষণের ঘটনার তদন্তের বাধ্যবাধকতা থাকায় এ ঘটনারও তদন্ত শুরু হয়। ঘটনার প্রায় দুই মাস পর ২০১০ সালের অক্টোবরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শেদা জামান তদন্ত শুরু করেন। সম্প্রতি এ প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তদন্তে বলা হয়, এই কৃষকের ওপর গুলি ছোড়ার যথার্থতাও খুঁজে পায়নি তদন্ত কমিটি।হবিগঞ্জের তৎকালীন ম্যাজিস্ট্রেট মুর্শেদা জামান বর্তমানে দক্ষিণ সুনামগঞ্জে কর্মরত আছেন। তবে তদন্তের ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।সূত্র জানায়, গত ২৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে নুরুল ইসলামের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন চাওয়া হয়। এ ছাড়া মন্ত্রণালয় থেকে এই বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুশতাক আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘কেউ-ই আইনের ঊর্ধ্বে নয়। যদি নির্বাহী তদন্তে প্রমাণিত হয় ডিবি পুলিশ কারও প্রাণ রক্ষার্থে বা সরকারি অস্ত্র রক্ষা করতে এ গুলি করেনি, তবে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’তদন্ত প্রতিবেদনে বলা হয়, পুরো তদন্তপ্রক্রিয়ায় নিহত নুরুল ইসলামের স্ত্রী, এলাকার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্যসহ ৩০ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষীরা জানান, নুরুল ইসলামের ছেলে জেবু মিয়াকে তাঁর বাড়ি থেকে ধরা হয়নি। কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছিল, ডিবি পুলিশ জেবু মিয়াকে তাঁর নিজ বাড়ি থেকে ফেনসিডিলসহ আটক করেছিল। ঘটনার সময় পুলিশের সঙ্গে তাদের একজন তথ্যদাতাও (সোর্স) ছিলেন বলে এসআই সৈয়দ বেলায়েত হোসেন সাক্ষ্য দিতে গিয়ে জানান। কিন্তু অন্য চার ডিবি পুলিশ জানান, তাঁদের সঙ্গে কোনো তথ্যদাতা বা স্থানীয় লোক ছিলেন না। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অথচ এ বিষয়ে ডিবি পুলিশদের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে।ডিবি পুলিশের পক্ষ থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করার কথা বলা হয়েছে। এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা পাওয়া যায়। এ ব্যাপারে ডিবি পুলিশ জাহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় মাটিতে কয়েক বোতল ফেনসিডিল ও চটের সাদা থলে পড়েছিল। আরেক কর্মকর্তা মাহফুজুল ইসলাম বলেন, মাটিতে পড়ে থাকা ফেনসিডিলের বোতল তাঁদের একজনের জ্যাকেটে করে পেঁচিয়ে গাড়িতে নেওয়া হয়। ঘটনার সময় এসআই সৈয়দ বেলায়েত ও আলিছউর রহমান গুরুতর আহত হয়েছেন বলে বক্তব্য দেওয়া হয়। এসআই বেলায়েত তাঁর সাক্ষ্যে বলেন, হাসপাতালে তাঁর জ্ঞান ফিরে ভোর পাঁচটার দিকে, পরে তিনি থানায় যান। কিন্তু আলিছউর রহমান জানান, নুসরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সেখান থেকে রাতেই থানায় যান। প্রতিবেদনে বলা হয়, পর্যালোচনায় দেখা গেছে, নিহত নুরুল ইসলাম বা তাঁর ছেলে ফেনসিডিল বা কোনো ধরনের মাদক পাচার বা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। তাঁরা কৃষিকাজ করতেন এবং নিরপরাধ ছিলেন। নুরুল ইসলামের বাড়ি সীমান্তের কাছাকাছি। তাঁরা ফেনসিডিল চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের এসব কাজ করতে বাধা দেন। এ নিয়ে কয়েকজন চোরাচালানির সঙ্গে নুরুল ইসলাম ও তাঁর ছেলের ঝগড়া হয়। এ সময় চোরাকারবারিরা বলেছিল, ডিবি পুলিশদের দিয়ে তাঁদের দেখে নেবে। প্রতিবেদনে আরও বলা হয়, ডিবি পুলিশ জেবু মিয়াকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং ঘটনার সময় জেবু মিয়ার কাছ থেকে কোনো ফেনসিডিল উদ্ধার হয়নি। এ ছাড়া ঘটনার সময় ডিবি পুলিশের গায়ে পেশাগত পোশাক ছিল না। অন্যদিকে চোরাচালানি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত আতাউর ও শাহীনের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।যোগাযোগ করা হলে নিহত নুরুলের ছেলে জেবু মিয়া প্রথম আলোকে বলেন, ‘ডিবি পুলিশ আমার বাবাকে খুন করেছে। আমরা সরকারের কাছে এর বিচার দাবি করছি।’ তিনি আরও বলেন, বাবার মৃত্যুর পর পুলিশ একপ্রকার জোরপূর্বক আপস করে এবং ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়। কিছু টাকা দেওয়ার পর তা-ও বন্ধ করে দেয়।