বিডিআর বিদ্রোহের বিষয়টি মহাপরিচালকসহ অনেক কর্মকর্তা আগেভাগেই আঁচ করতে পেরেছিলেন। কিন্তু বিদ্রোহ দমনে তাঁরা কার্যকর কোনো ব্যবস্থা নেননি বা একে গুরুত্ব দেননি। নিহত বিডিআর কর্মকর্তাদের মোবাইল ফোনে কথোপকথন, এসএমএস রেকর্ড ও গ্রেপ্তার করা জওয়ানদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য থেকে মামলার তদন্তকারী কর্মকর্তারা এ ধারণা পেয়েছেন। বিডিআর কর্তৃপক্ষ আঁচ পেলেও বিদ্রোহের ব্যাপারে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো আগাম কোনো তথ্য দিতে পারেনি। বিদ্রোহের আগের দিন প্রধানমন্ত্রীর বিডিআর সদর দপ্তরে আগমনের ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলোর নিরাপত্তা প্রতিবেদনে ‘পরিস্থিতি ভালো’ বলে উল্লেখ করা হয়েছিল।পিলখানায় বিদ্রোহের ঘটনা তদন্তে সাবেক অতিরিক্ত সচিব আনিস-উজ-জামানকে প্রধান করে গঠিত কমিটি ও সেনা তদন্ত আদালতের প্রতিবেদনে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।উভয় তদন্ত প্রতিবেদনে বেঁচে যাওয়া কর্মকর্তাদের জবানবন্দির উদৃ্লতি দিয়ে বলা হয়, বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ চেয়েছিলেন সেদিনের দরবারে আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান করতে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুই দফা বৈঠকের পর ১৮ ফেব্রুয়ারি বিডিআর জওয়ানরা বিদ্রোহের হুমকি দিয়ে পিলখানায় একটি প্রচারপত্র বিতরণ করে। বিডিআর কর্মকর্তারা এ বিষয়টি জানতে পেরেছিলেন।বেঁচে যাওয়া সেনা কর্মকর্তা ও বিডিআর এর একজন ডিএডি বলেছেন, এক পর্যায়ে মহাপরিচালক বিদ্রোহীদের প্রচারপত্রের বিষয়টি জানতে পেরে পাল্টা প্রচারপত্রে তাদের কল্যাণে গৃহীত বিষয় তুলে ধরতে বলেন। তবে পরে তিনি বলেন, পাল্টা লিফলেটের কোনো প্রয়োজন নেই। যা বলার তিনি নিজেই দরবারে সব বলবেন।সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহ হোক আর না-ই হোক, ভেতরে ভেতরে জওয়ানেরা যে ফুঁসে উঠেছিল, সেটা কর্মকর্তারা ভালো করেই বুঝতে পেরেছিলেন। বিদ্রোহে নিহত কর্মকর্তাদের মোবাইল ফোনের এসএমএস ও ডায়েরি থেকে এমন তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বিদ্রোহের আগে দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল এলাহী তাঁর অধীনের মেজর পদের একজন কর্মকর্তাকে (জিএস-২) একটি এসএমএস পাঠান, যার বাংলায় অর্থ হলো—বিডিআর সপ্তাহে অঘটন ঘটতে পারে, এমন তত্পরতা লক্ষ্য করা যাচ্ছে।তদন্তকারী কর্মকর্তারা বিদ্রোহে নিহত বিডিআরের নিরাপত্তা শাখার অধিনায়ক কর্নেল ইনশাদের একটি ডায়েরি উদ্ধার করেন। এতে লেখা ছিল—কিছু একটা ঘটতে যাচ্ছে। এডি হাসান এর নেপথ্যে রয়েছেন।সিআইডি সূত্র জানায়, তাদের জিজ্ঞাসাবাদে ১৩ ব্যাটালিয়নের জওয়ান শহীদুর রহমান বলেছেন, ২৪ ফেব্রুয়ারি সকালে ডিএডি তৌহিদ তাঁকে বলেন, ‘আগামীকাল দরবার আছে, হয়তো টুকটাক গণ্ডগোল হতে পারে। তোমরা ৩ নম্বর গেট পাহারা দিবা, যাতে কেউ ভেতরে আসতে বা যেতে না পারে।’ জিজ্ঞাসাবাদে অন্যান্য জওয়ানেরা জানায়, ২১ ফেব্রুয়ারি লিফলেট বিতরণের পর অস্ত্রাগারের দায়িত্বে জওয়ানদের পাশাপাশি কর্মকর্তাদের মোতায়েন করা হয়। তদন্ত প্রতিবেদনের বক্তব্য হচ্ছে এ থেকে বোঝা যায় বিডিআর কর্মকর্তারা আগে থেকেই কিছু হতে পারে এ বিষয়টি অনুমান করেছিলেন। কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তারা এ ব্যাপারে প্রায় অন্ধকারে ছিলেন। তবে ডিজিএফআই এর দুয়েকজন কর্মকর্তা কিছু আঁচ করতে পেরেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, পিলখানার ভেতর গোয়েন্দা সংস্থাগুলোর কোনো শাখা কাজ না করায় তাঁরা বিষয়টি আগে থেকে জানতে পারেননি। এতে গোয়েন্দা সংস্থাগুলোর ‘অদক্ষতা, অপেশাদারিত্ব ও অমার্জনীয় ব্যর্থতার’ চিত্র ফুটে উঠেছে। কমিটি তাদের সুপারিশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কাউন্টার ইন্টেলিজেন্স গঠন করতে বলেছে।সেনা তদন্ত আদালতের প্রতিবেদনে বলা হয়, বিডিআর সদস্যরা তাদের দাবি নিয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাত্ করলেও গোয়েন্দারা তা জানতে পারেনি। আবার বিডিআর সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমনের আগে গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দিলেও, এতে এ বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। অথচ এক দিন আগেই বিদ্রোহের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিল। এটি গোয়েন্দাদের ব্যর্থতা বলে সেনাবাহিনীর প্রতিবেদনে উল্লেখ করা হয়। সরকারি কমিটির প্রতিবেদনে আরো বলা হয়, বিডিআরের গোয়েন্দা ইউনিট (আরএসইউ) বিদ্রোহ হতে পারে, এমন তথ্য আগে থেকেই জানত। কিন্তু এ ইউনিটের সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ তথ্য পৌঁছাননি। উল্টো তাঁরা নিজেরাই বিদ্রোহে যোগ দিয়েছেন।দায়িত্বশীল গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পর কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, প্রধানমন্ত্রীকে আহ্বান করে লেখা বিডিআর সদস্যদের দাবিদাওয়া-সংবলিত লিফলেটটি বিদ্রোহের দুই দিন আগে এনএসআই সদস্যরা পেয়ে তাত্ক্ষণিকভাবে আরএসইউ কর্মকর্তা মেজর মাহমুদুল হাসানকে জানান। কিন্তু এনএসআই বিষয়টি সরকারকে জানায়নি।