গৌতম হত্যাকাণ্ড পরিকল্পিত কি না নিশ্চিত নয় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধোলাই-খালে বংশাল থানার পুলিশের উপ-পরিদর্শক গৌতম কুমার রায় (৪২) খুনের ঘটনা পূর্বপরিকল্পিত নাকি আকস্মিক, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। থানা ও গোয়েন্দা পুলিশ একসঙ্গে এ ঘটনার তদন্ত করছে।তবে প্রাথমিকভাবে পুলিশ ও গোয়েন্দাদের ধারণা, তল্লাশি চালাতে গিয়ে অসাবধানতার কারণে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে বসে। আর ঘটনা পরিকল্পিত হলে এর সঙ্গে গৌতমের কাছের কেউ জড়িত বলে সন্দেহ পুলিশের। বিষয়টি নিয়ে নিহতের দুই বন্ধু শামীম ও আজমসহ আরও তিন-চারজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।গত সোমবার মধ্যরাতে বংশাল থানা থেকে কাজ শেষে র্যাংকিন স্ট্রিটের বাসায় ফেরার পথে সূত্রাপুর থানাধীন ধোলাইখাল এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গৌতমকে গুলি করে হত্যা করে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন গৌতমের সঙ্গে থাকা তাঁর ব্যবসায়ী বন্ধু শামীম। তবে সঙ্গে থাকা অপর বন্ধু আজম অক্ষত ছিলেন।গৌতমের প্রত্যক্ষদর্শী দুই বন্ধুর ভাষ্যমতে, ধোলাইখালে তিন তরুণকে তল্লাশি করার সময় তাদের কেউ গৌতমকে গুলি করে।তবে গৌতম কেন নিজ থানা এলাকার বাইরে গিয়ে কোনো সাহায্যকারী পুলিশ ছাড়াই একা তিনজনকে তল্লাশি করতে গেলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে এজাহারের বক্তব্য অনুযায়ী খুনটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে না। ছিনতাইকারীরা এটা করতে পারে বলে বেশি মনে হচ্ছে। তবে আমরা অন্য বিষয়গুলোও বাদ দিয়ে দিচ্ছি না।’ওসি জানান, শামীম, আজমসহ আরও তিন-চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শামীম আর আজমের ওই দিনের কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের মুঠোফোনের তালিকা পরীক্ষা করা হচ্ছে। তিনি জানান, কয়েকটি সন্দেহের বিষয়ে প্রত্যক্ষদর্শী শামীম আর আজমের বক্তব্য মেলানো হচ্ছে। কীভাবে তাঁর পিঠে গুলি লাগল, গৌতম কেন তাঁর সঙ্গে থাকা অস্ত্রটি ব্যবহার করতে পারলেন না, বা কেন গুরুতর আহত গৌতমকে রেখে অল্প আহত শামীমকে আগে হাসপাতালে নিয়ে যাওয়া হলো—এ বিষয়গুলোর উত্তর জানার চেষ্টা করা হচ্ছে।এ ছাড়া লালবাগ ও ওয়ারী অঞ্চলের কয়েকটি থানা এলাকার সন্ত্রাসী দলগুলোকে সন্দেহের তালিকায় রেখে পুলিশ তদন্ত চালাচ্ছে। বাদ দেওয়া হচ্ছে না শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদসহ স্থানীয় নতুন-পুরোনো সন্ত্রাসী দলগুলোকেও। গোয়েন্দা পুলিশ (ডিবি), র‌্যাব, পুলিশের বিশেষ শাখা (এসবি), অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) পুলিশের সব কটি সংস্থা ওই এলাকাগুলো চষে বেড়াচ্ছে।গোয়েন্দা কর্মকর্তারা জানান, গৌতম থানা থেকে বের হওয়ার পর ধোলাইখালে যাওয়া পর্যন্ত পুরো সময়টা তিনি কী করলেন, সে বক্তব্য পুরোপুরি পাওয়া যাচ্ছে না শামীম বা আজমের বক্তব্য থেকে। বক্তব্যগুলো সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। তবে সব মিলিয়ে বিষয়টি পূর্বপরিকল্পিত মনে হচ্ছে না।ওদিকে হাতে গুলিবিদ্ধ শামীম পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা তেমন গুরুতর নয়।গৌতম খুনের পর হাসপাতালে তাঁর সুরতহাল করেছেন সূত্রাপুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর কবির খান। তিনি জানান, সুরতহালে গৌতমের বুকের বাঁ পাশে একটি আর কোমরের পেছনে দুটি গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কোমরে বিদ্ধ হওয়া দুটি গুলি শরীরের ভেতরেই রয়ে গেছে।মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক মো. জালাল জানান, গৌতমের দুই বন্ধুসহ ঘটনাস্থলের আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সার্বিক তদন্তে বিষয়টিকে এখনো পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না।জালাল বলেন, সাম্প্রতিক সময়ে একজন ওয়ার্ড কাউন্সিলর খুনের তদন্ত কর্মকর্তা ছিলেন গৌতম। সে মামলার সব প্রতিপক্ষই বর্তমানে পুলিশের কবজায়। এ ছাড়া গৌতম সূত্রাপুর থানায় থাকাকালে আরও কিছু সন্ত্রাসী ধরেছিলেন। এ বিষয়গুলোর প্রভাবে এ ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।