ঢাকা মহানগর পুলিশের বংশাল থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার রায়ের (৪২) খুনের ঘটনা পরিকল্পিত নয়, বরং তাৎক্ষণিক ছিল। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কাশেম জানান, এ হত্যাকাণ্ডে আহমেদ ওরফে হাদী, মানিক ও জাকির ওরফে কাইল্যা জাকির অংশ নেন। গৌতম তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁরা তাঁকে ও তাঁর বন্ধুকে লক্ষ্য করে গুলি চালান। জাকির গুলি করে পালিয়ে যান। এর আগে গতকাল শুক্রবার রাতে খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে হাদীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে বিষয়েই এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছিল।প্রসঙ্গত, গত সোমবার মধ্যরাতে কাজ শেষে বাসায় ফেরার পথে ধোলাইখাল এলাকায় সন্ত্রাসীরা গৌতমকে খুব কাছ থেকে গুলি করে। হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি পুরান ঢাকার ওয়ার্ড কাউন্সিলর আহাম্মদ হোসেন হত্যা মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা ছিলেন। পরে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ডাকাত শহীদের সহযোগীদের গ্রেপ্তার করে।