গৌরনদী আ.লীগের সম্মেলন না হওয়ায় নেতা-কর্মীরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৪ বছর পূর্ণাঙ্গ কমিটিবিহীন থাকার পর বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে তৃণমূল নেতা-কর্মীদের সংগঠিত করে ইউনিয়নভিত্তিক ত্রিবার্ষিক সম্মেলন শুরু করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত আবদুল্লাহ। দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে সম্মেলনের মাধ্যমে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। ওই কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ১৯৯৬ সালে কালিয়া দমন গুহকে আহ্বায়ক করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির নেতাদের তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তা করা হয়নি। ২০০৫ সালে দলীয় কোন্দলের কারণে কালিয়া দমন গুহসহ ২৬ জন পদত্যাগ করেন। দীর্ঘ ১৪ বছর গৌরনদী উপজেলা আওয়ামী লীগ কমিটিবিহীন রয়েছে। গত মার্চ মাসে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি আবুল হাসনাত আবদুল্লাহর কাছে তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকেরা কমিটি না থাকায় নানা সমস্যার কথা তুলে ধরেন। এ ছাড়া তাঁর উপস্থিতিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দাবি তোলেন। এ দাবির মুখে আবুল হাসনাত আবদুল্লাহ সাত দিনে উপজেলার সাতটি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করেন। কালিয়া দমন গুহ জানান, ইউনিয়ন সম্মেলনের পর উপজেলা সম্মেলন করার কথা ছিল। কিন্তু তা না হওয়ায় তৃনমূল নেতা-কর্মীরা অনেকটা হতাশ। তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের সমর্থক গোলাম হেলাল মিয়া, মনির হোসেন সরদার, কামাল মোল্লা, বজলুর রশিদ, আবদুল হক ঘরামীসহ কয়েকজন নেতা-কর্মী ও সমর্থক জানান, দীর্ঘদিন পর সম্মেলনের মাধ্যমে দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করায় দলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছিল। তবে উপজেলা সম্মেলন না হওয়ায় তাঁরা হতাশ।