গৌরনদী ও মেহেন্দীগঞ্জে পুনর্নির্বাচনের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট ‘ডাকাতির’ অভিযোগ এনে বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ পৌরসভায় পুনর্নির্বাচন দাবি করেছে বিএনপি।গতকাল বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এই দুই পৌরসভায় সরকারদলীয় নেতা-কর্মীরা তাঁদের এজেন্টদের বের করে কেন্দ্র দখল, ভোট কারচুপি এবং ব্যাপক ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড চালিয়েছে। একই অভিযোগে তিনি পিরোজপুরের স্বরূপকাঠির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডেও পুনর্নির্বাচন দাবি করেন।গতকাল ঢাকার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এ দাবি করেন। এ সময় বুধবারে অনুষ্ঠিত কয়েকটি পৌরসভায় বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণার কয়েক ঘণ্টা পর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে বিজয়ী ঘোষণার প্রতিবাদ জানান তিনি।গতকাল বরিশাল ও খুলনা বিভাগের পৌর নির্বাচন ‘মোটামুটি’ শান্তিপূর্ণ হয়েছে বলে মনে করেন নজরুল ইসলাম। তবে তাঁর অভিযোগ, গৌরনদীতে আওয়ামী লীগের নেতা আবুল হাসানাত আবদুল্লাহ এবং মেহেন্দীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নেতৃত্বে ভোটকেন্দ্র দখল করা হয়। এ ছাড়া কয়েকটি কেন্দ্রে বিএনপির নেতা-কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষকে ভোটদানে বাধা দেওয়া হয়। অনেককে রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয়। প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগপত্র দাখিল করা হলেও তিনি তা গ্রহণ করেননি। এসব কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা না করে নির্বাচন কমিশনের কাছে পুনর্নির্বাচন দাবি করেন তিনি।নজরুল ইসলাম বলেন, দিনাজপুরের সেতাবগঞ্জ, পাবনার ভাঙ্গুরা ও সিরাজগঞ্জের বেলকুচিতে বুধবারের নির্বাচনে প্রথমে বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হলেও আওয়ামী লীগের প্রার্থীকে পরে বিজয়ী ঘোষণা করা হয়। হিসাবের গরমিল এবং প্রশাসনিক কারসাজি করে সরকারি দল এটি করেছে।ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএনপির এই নেতা সরকারকে সতর্ক করে বলেন, ফলাফল ছিনিয়ে নেওয়া হলে পরিস্থিতি খারাপ হবে। শান্তিপূর্ণ নির্বাচনে বাধার সৃষ্টি হবে। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য ইসিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, কয়েক জায়গায় জনগণের দেওয়া রায় বদলে ফেলা না হলে নির্বাচন কমিশনকে বিএনপি ‘ধন্যবাদ’ জানাতে কার্পণ্য করত না।সংবাদ সম্মেলনে হবিগঞ্জে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী জি কে গউসের ব্যানার পুড়িয়ে ফেলা, তাঁকে মারধর এবং সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনকে লাঞ্ছনা করার ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের বিচার দাবি করা হয়।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ুম, জহিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী প্রমুখ।এর আগে দুপুরেও নির্বাচন পর্যবেক্ষণে গঠিত বিএনপির এই টিম কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন-পরিস্থিতি তুলে ধরে। এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘রাজশাহী ও রংপুরে জনগণের রায় সরকারের পক্ষে যায়নি বলে আজ (বৃহস্পতিবার) তাদের দলীয় ক্যাডাররা ভোট কারচুপিতে নেমেছে।’ তিনি অভিযোগ করেন, পিরোজপুরের স্বরূপকাঠি, পটুয়াখালীর কলাপাড়া, কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর, কুমারখালী, যশোরের বেনাপোল, শার্শা, ভোলা, লালমোহন ও নড়াইলের কালিয়া পৌরসভার বিভিন্ন কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীদের এজেন্ট ও ভোটারদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।