বরিশালের গৌরনদী পৌরসভা আয়োজিত একুশ ক্রিকেট কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ২৮ মার্চ অনুষ্ঠিত হয়েছে। সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ক্রীড়া সংগঠন তরুণ সংঘ ৫৮ রানে নিজাম স্মৃতি ক্রিকেট একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। পৌর মেয়র নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান। বক্তব্য দেন বিশেষ অতিথি সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ কুতুবউদ্দিন আইবেক ও উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন, জহুরুল ইসলাম, কবির হোসেন খান, জুবায়েরুল ইসলাম ভুঁইয়া, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক লুত্ফর রহমান প্রমুখ। শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলের মাঝে ২১ ইঞ্চি ও রানার্সআপ দলের মাঝে ১৭ ইঞ্চি রঙিন টেলিভিশন বিতরণ করেন। স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট: উপজেলার বার্থী ডিগ্রি কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৬ মার্চ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে একাদশ শ্রেণী ২৯ রানে দ্বাদশ শ্রেণীকে পরাজিত করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যক্ষ কাজী আবদুস সালামের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য শাহজাহান প্যাদা, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম বেপারী, মো. গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ।