গৌরনদীতে টিআর-কাবিখা প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ
বরিশালের গৌরনদী উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও টেস্ট রিলিফ (টিআর) প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯-২০১০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কারের আওতায় এ উপজেলায় কাবিখার ৩৬টি প্রকল্পের বিপরীতে ২৬৩ মেট্রিক টন ও টেস্ট রিলিফের (টিআর) ১৩৩টি প্রকল্পের বিপরীতে ১৩৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের ৭৫ শতাংশ চালের ডিও প্রকল্প চেয়ারম্যানদের দেওয়া হয়েছে। তাঁরা স্থানীয় সরকারি গুদাম থেকে প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ চাল উত্তোলন করে নেন। সরেজমিনে বিভিন্ন প্রকল্প এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ প্রকল্প চেয়ারম্যান নামেমাত্র কাজ করে বরাদ্দ অর্থ আত্মসাত্ করেন। বিভিন্ন প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিক জব্বার হোসেন, আব্দুস সালাম, ইসমাইল হোসেন, বাচ্চু খানসহ কয়েকজন জানান, প্রকল্প চেয়ারম্যানরা চাল ও গম না দিয়ে দৈনিক হাজিরা হিসেবে তাঁদের নগদ টাকা দেন, যা বাজার অনুপাতে অনেক কম। অথচ প্রকল্পের নীতিমালা অনুযায়ী শ্রমিকদের চাল বা গম দেওয়ার কথা। নলচিড়া ইউনিয়নের একটি প্রকল্পের চেয়ারম্যান ও নলচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেকান্দার আলী মৃধা বলেন, ‘প্রকল্পের চাল ও গমের ডিও বিক্রি হওয়ার ঘটনা নতুন নয়। শ্রমিকদের সুবিধার্থে চাল না দিয়ে টাকা দেওয়া হয়। তবে কোনো দুর্নীতি ও অনিয়ম করা হয়নি।’ মাহিলাড়া ইউনিয়নের বাঘার রতন মেম্বারের বাড়ির ব্রিজ থেকে বাঘার সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ কাজের বিপরীতে ছয় টন চাল বরাদ্দ দেওয়া হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। স্থানীয় নুরুল ইসলাম ও কামাল উদ্দিন অভিযোগ করেন, নামেমাত্র কাজ করে প্রকল্পের সমুদয় টাকা আত্মসাত্ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে মাত্র ২০ হাজার টাকার মতো ব্যয় করা হয়েছে। মাহিলাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত বলেন, ‘প্রকল্পের চেয়ারম্যান ইউপি সদস্য হাসনা হেনা হলেও প্রকৃতপক্ষে এ প্রকল্পের তদারকি করেন আওয়ামী লীগ নেতা মানিক হাওলাদার।’তবে প্রকল্পের চেয়ারম্যান ইউপি সদস্য হাসনা হেনা বলেন, ‘আমি কোনো অনিয়ম ও দুর্নীতি করি নাই।’গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. কবির উদ্দিন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘শ্রমিকেরা চাল পান না এ কথা সত্য। শ্রমিকদের ন্যায্য মজুরি না পাওয়ার বিষয়টি আমার জানা নেই। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা খাদ্য কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘প্রকল্প চেয়ারম্যানরা ডিও নিয়ে এলে আমরা ছাড়পত্র দিয়ে থাকি। পরে উত্তোলন করা চাল ও গম কে বা কারা ক্রয় করে কিংবা কীভাবে শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হয়, বিষয়টি আমার জানা নেই।’