গৌরনদীতে দুস্থ কর্মসংস্থান কর্মসূচির কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।প্রকল্প এলাকার স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কর্মসংস্থান প্রকল্পের অধীনে ৫৪টি প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্প কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না-করার শর্তে অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও প্রকল্প সচিব প্রতিটি প্রকল্পে নির্ধারিত শ্রমিকের অর্ধেক শ্রমিক, কোথাও কোথাও তার চেয়েও কম শ্রমিক দিয়ে কাজ করান। অভিযোগের সত্যতা স্বীকার করে নাম প্রকাশ না-করার শর্তে একাধিক প্রকল্পের চেয়ারম্যান জানান, নীতিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তাদের প্রকল্প চেয়ারম্যান করে বিব্রতকর অবস্থায় ফেলা হয়েছে। কর্মকর্তাদের প্রকল্প চেয়ারম্যান করা হলেও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা তাঁদের ইচ্ছামাফিক কাজ করে থাকেন। প্রকল্প সচিব ও আওয়ামী লীগের নেতাদের ইচ্ছামতো কাজ করতে রাজি না হওয়ায় কোনো কোনো প্রকল্পের চেয়ারম্যান লাঞ্ছিত হয়েছেন। ভুয়া হাজিরা দেখিয়ে প্রকল্পের কয়েক লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন প্রকল্প সচিব ও আওয়ামী লীগ নেতারা। এ ছাড়া বিভিন্ন প্রকল্পের দুস্থ শ্রমিকের তালিকায় দলীয় বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।৩ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, খাঞ্জাপুর ইউনিয়নের সমর সিংহ বিষাই মাদবরের বাড়ি থেকে কালাইরভিটা পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পে ৩০ জন শ্রমিক তালিকাভুক্ত থাকলেও ১৫ জনকে কাজ করতে দেখা যায়। নলচিড়া ইউনিয়নের চর রমজানপুর কালীপদের বাড়ি থেকে মিয়াজান হাওলাদারের বাড়ি হয়ে দিয়াশুর কালনা আশ্রাফ মোল্লার মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পের তালিকায় ৫০ জন শ্রমিক নিয়োগপ্রাপ্ত হলেও প্রকল্প স্থানে ২৪ জনকে কাজ করতে দেখা যায়। নলচিড়া ইউনিয়নের পিংলাকাঠি নিতাই শিলের বাড়ি থেকে পিংলাকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে সংকরপাশা তোতা হাওলাদারের বাড়ি ভায়া পিংলাকাঠি মহব্বত আলীর বাড়ির দক্ষিণ পাশের ব্রিজ পর্যন্ত সড়ক নির্মাণ কাজে ৬৭ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ওই প্রকল্প স্থানে গিয়ে ৩২ জনকে কাজ করতে দেখা যায়। আওয়ামী লীগের দলীয় বিত্তবান নেতা-কর্মীকে শ্রমিক হিসেবে তালিকাভুক্ত করার অভিযোগ প্রসঙ্গে নলচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও প্রকল্পের সদস্য সচিব মো. সেকেন্দার মৃধা বলেন, ‘অভিযোগের কিছুটা সত্যতা আছে।’এ ব্যাপারে নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান কবির বলেন, ‘অনেকের সামাজিক মর্যাদা আছে কিন্তু আর্থিক অবস্থা ভালো নয়, এ রকম কেউ কেউ শ্রমিক হিসেবে তালিকাভুক্ত হয়ে থাকতে পারে।’ শরিকল ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাকে কিছু অবহিত করা হয়নি।’ইউপি সদস্য নুরুল ইসলাম, মুজাহার ফকির ও মমতাজ বেগম অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা ও প্রকল্পের সদস্য সচিব আবদুল মান্নান মৃধা তাঁর দলীয় নেতা-কর্মীদের তালিকাভুক্ত করে প্রকল্প বাস্তবায়ন করায় ব্যাপক অনিয়ম রয়েছে। এ ব্যাপারে আবদুল মান্নান মৃধা বলেন, ‘একজন শ্রমিককে ১৮০ টাকা পারিশ্রমিক দিতে হয়। প্রকল্পের নিয়ম অনুযায়ী বরাদ্দ আছে ১২০ টাকা। সে জন্য প্রকল্প স্থানে শ্রমিক কম থাকে। তা ছাড়া শতকরা ১০ টাকা অফিস খরচসহ একটি প্রকল্প বাস্তবায়নে ২০ শতাংশ টাকা খরচ হয়ে যায়।’এদিকে মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া হাই স্কুলের পুকুর আগেই ভরাট করা হয়েছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, এবার স্কুলের এই পুকুর ভরাটের জন্য ৪০ দিনের কর্মসংস্থান প্রকল্পে আবার প্রকল্প দেখিয়ে ১০০ জন শ্রমিকের চার লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মাহিলাড়া ইউপির চেয়ারম্যান ও প্রকল্পের সদস্য সচিব আনোয়ার সাদাত বলেন, ‘পুকুর ভরাটের জন্য এ কর্মসূচিতে প্রকল্প নেওয়া হয়েছে। তবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ সত্য নয়।’ গৌরনদী উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (পিআইও) মো. কবির উদ্দিন বলেন, ‘শতকরা ১০ টাকা অফিস খরচ নেওয়ার অভিযোগ সঠিক নয়।’কর্মসংস্থান প্রকল্পের গৌরনদী উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদ মাহবুব খান বলেন, ‘অনিয়ম-দুর্নীতি ও কম শ্রমিক দিয়ে কাজ করার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’