গৌরনদীতে পাঁচ হাজার পানচাষির ১০ কোটি টাকার ক্ষতি
‘এবারে ফলন খুবই ভালো অইছে , আশা ছিল সিজনে ভালো দাম পামু। খাইয়া-পইরা নতুন কিছু বর গড়মু। মোগো হগল শেষ অইয়া গেছে। এহন কী দিয়া মাইয়া পোলা লইয়া বাঁচমু। অ-সিজনে বন্যা মোগো শেষ কইরা দিছে।’ হতাশার সুরে কথাগুলো বলেন বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের পানচাষি মোহাম্মদ আলী (৬০)। একইভাবে কাঁদো কাঁদো সুরে জানালেন একই গ্রামের মঙ্গল সরদার (৪৫), বার্থী ইউনিয়নের বাউরগাতি গ্রামের মজিবর রহমান (৪২), মো. আলাউদ্দিন মিয়া (৩৫), আ. কাদের বেপারী (৪৮), আবুল হোসেন (৫০), মো. মোশারফ হোসেন ঘরামীসহ (৬০) কয়েকজন। গত কয়েক দিনে আড়িয়াল খাঁ নদের পানি বৃদ্ধি ও অবিরাম বর্ষণে আকস্মিক বন্যায় উপজেলার তিনটি ইউনিয়নের পাঁচ হাজার পানচাষি ক্ষতিগ্রস্ত হয়। এর ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। সরেজমিনে উপজেলা কৃষি অফিস, চাষি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নে দুই হাজার ৭০৫ হেক্টর ও পৌর এলাকায় এক হাজার ৮০০ হেক্টর জমিতে পান বরজের চাষ করা হয়। এর মধ্যে উপজেলার চাঁদশী ইউনিয়নের ২৫০ হেক্টর, খাঞ্জাপুর ইউনিয়নে ৩২০ ও বার্থী ইউনিয়নে ২৪০ হেক্টর জমিতে পানের চাষ করা হয়। এ তিনটি ইউনিয়নের প্রায় সাত হাজার পানচাষি এ পেশায় জড়িত আছে। আড়িয়াল খাঁ নদের পানি বৃদ্ধি ও গত এক সপ্তাহের টানা বর্ষণে আকস্মিক বন্যা দেখা দেওয়ায় গৌরনদী খাঞ্জাপুর, বার্থী ও চাঁদশী ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় পাঁচ হাজার পানচাষি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকারি হিসাব অনুযায়ী তিন হাজার পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত পানচাষিরা জানান, দেশের উত্তর অঞ্চলের বন্যার উন্নতি শুরু হলে আড়িয়াল খাঁর শাখা পালরদী নদীর পানি বৃদ্ধি পায়। গৌরনদী ও পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়ে বন্যা দেখা দেয়। তা ছাড়া সাত দিন ধরে টানা বর্ষণে গীেরনদীর নিম্নাঞ্চল পানিতে ডুবে যায়। উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি গ্রামের পানচাষি খাইরুল ইসলাম জানান, আকস্মিক বন্যায় গৌরনদী উপজেলার খাঞ্জাপুর, বার্থী ও চাঁদশী ইউনিয়নের প্রায় পাঁচ হাজার পানচাষি ক্ষতিগ্রস্ত হয়। এদের প্রায় ১০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সিডর-আইলার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই এবারের আকস্মিক বন্যায় সব শেষ হয়ে গেছে। উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল, কমলাপুর, মাগুরা, বার্থী ইউনিয়নের বাথী, বড়দুলালী, ধানডোবা, বাউরগাতী, তাঁরাকুপি, চাঁদশী ইউনিয়নের চাঁদশী, উত্তর চাঁদশী, দক্ষিণ চাঁদশী, দক্ষিণ নাঠৈ, পশ্চিম শাওড়া এলাকায় ঘুরে দেখা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত পানচাষিরা অনেকেই তাঁদের পান বরজ টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি অনেকেই। উপজেলার উত্তর চাঁদশী গ্রামের পানচাষি রুহুল আমিন চোকদার (৪২), নাঠৈ গ্রামের মোহাম্মাদ আলী (৫৫), তাঁরাকুপি গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩৫) ও রামসিদ্ধি গ্রামের সিদ্দিকুর রহমার (৪৫) জানান, বন্যায় তাঁরা নিঃস্ব ও সর্বস্বান্ত হয়েছেন। তাঁদের প্রত্যেকেরই ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ থেকে ২০ লাখ টাকা। বানিয়াশুরী গ্রামের পানচাষি আ. রশীদ (৬০) বলেন, ‘মোরা আর পোলাপান লইয়া বাঁইচ্যা থাকতে পারমু না।’ কমলাপুর গ্রামের পানচাষি মোতালেব হোসেন (৩৫) বলেন, ‘একের পর এক দুর্যোগ মোগো শেষ করিয়া দিয়া যায়।’ বার্থী ইউনিয়নের কাঠালতলী গ্রামের সিরাজ হাওলাদার (৬০) জানান, পানের বরজ ছিল তাঁর একমাত্র অবলম্বন। ৪৫ শতক জমিতে পানের বরজ ছিল, হঠাৎ বন্যা তাঁর সব ধ্বংস করে দিয়েছে।বাউরগাতি গ্রামে গিয়ে দেখা যায়, তলিয়ে যাওয়া পান রক্ষার্থে বরজের চতুর্দিকে কাচা (বাঁধ) দিয়ে শ্যালো মেশিনে পানি নিষ্কাশনের মাধ্যমে পান রক্ষার চেষ্টা করেছেন চাষি মজিবর রহমান। তিনি বলেন, ‘বিভিন্ন এনজিওর কাছ থেকে লোন নিয়ে পানের বরজ করেছিলাম। এবার ফলনও খুব ভালো ছিল। কিন্তু সব শেষ অইয়া গেছে। এই পানের বরজই ছিল পাঁচজনের পরিবারের বাঁচার একমাত্র অবলম্বন।’ শত শত পানচাষিকে কাচা দিয়ে শ্যালো মেশিন বসিয়ে সেচ করে পানের বরজ রক্ষার জন্য চেষ্টা করতে দেখা যায়। কিন্তু অনেকেই জানান, পানির চাপ বেশি থাকায় তাতেও শেষ রক্ষা হয়নি । গৌরনদী উপজেলার কৃষি কর্মকর্তা রতন কুমার মণ্ডল বলেন, উপজেলার খাঞ্জাপুর, বার্থী ও চাঁদশী ইউনিয়ন এমনিতেই নিচু এলাকা, তারপর আকস্মিক নদীর পানি বৃদ্ধি ও টানা বর্ষণে বন্যা হওয়ায় পানচাষিদের অপূরণীয়ভাবে ক্ষতি হয়েছে।