গৌরনদীতে ভাইফোঁটা উৎসব পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় এ বছর জাঁকজমকভাবে ভাইফোঁটা উৎসব পালিত হয়েছে। ৭ নভেম্বর রাতে উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন পারিবারিকভাবে ভাইফোঁটা উৎসব পালনের লক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। গৌরনদী সদরের দক্ষিণ পালরদী গ্রামের সরকার বাড়ি গিয়ে দেখা গেছে, এ বাড়ির এক ব্যবসায়ীর বড় ছেলে কৌশিক সরকারকে তাঁর ছোট বোন সঞ্চিতা সরকার ভাইফোঁটা দিয়েছেন। এ সময় বড় ভাই তাঁর ছোট বোনকে আশীর্বাদ করেন। ভাইফোঁটা উপলক্ষে সরকার বাড়িতে উৎসবের আয়োজন করা হয়। নিমন্ত্রণ করা হয় আত্মীয়স্বজনদের। গৌরনদীর পালরদী সরকার বাড়ি, উত্তর বিজয়পুর গ্রামের সাহা বাড়ি ও চক্রবর্তী বাড়িতে গিয়ে দেখা যায়, ‘দ্বিতীয়ায় দিয়া ফোঁটা-তৃতীয়ায় দিয়া নীতি, জম দুয়ারে দিয়া কাঁটা-ভাইকে দিলাম বোনের ফোঁটা, ভাই আমার নিম তিতা-দূর্বার মতো আয়ু পাইও-বছরের দ্বিতীয়ায় ফোঁটা লইও’ এভাবেই নানা ছড়া বলতে বলতে কোথাও বড় বোন ছোট ভাইকে, কোথাও ছোট বোন বড় ভাইকে কপালে একটি সুন্দর ফোঁটা দেন। বড় বোন হলে ছোট ভাই তাঁকে প্রণাম ও তাঁর আশীর্বাদ নিয়ে থাকেন। ছোট বোন হলে বড় ভাই তাঁকে আশীর্বাদ করেন। এ ছাড়া ভাইদের জন্য বোনদের নানা পুরস্কার তো রয়েছেই। উৎসবে উপস্থিত স্বপন সরকার (৫৫) জানান, এর আগে ভাইফোঁটা হিন্দু সম্প্রদায়ের সব ঘরে পালিত হতো না। তবে এ বছর এর ব্যাপক রেওয়াজ দেখা যায়। কালীপূজার পরে প্রতিপদ ও দ্বিতীয়ায় ভাইফোঁটা শুরু হয়। সে অনুযায়ী ৭ নভেম্বর রাতে উৎসব পালিত হয়। এ সম্প্রদায়ের প্রবীণ কানাই লাল ও জগদীশ চন্দ্র জানান, দেশের বিভিন্ন জেলায় এ উৎসব পালন করা হয়। তবে কোথাও কোথাও ভাইফোঁটার ছড়াগুলোর ভিন্নতা থাকলেও এর মূল সুর হচ্ছে ভাইদের রক্ষায় বোনদের আকাঙ্ক্ষার প্রতিফলন। উন্নয়ন প্রচেষ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান: দুর্নীতিবিরোধী প্রচার অভিযান উপলক্ষে উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে ৭ নভেম্বর কারিতাস মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন কালিয়া দমন গুহ, দেলোয়ার হোসেন, মো. জয়নাল আবেদীন, জহুরুল ইসলাম, মো. জামাল উদ্দিন, জি এম হারুন মৃধা, মো. শাহজাহান কবির, টি এম আলতাফ হোসেন প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই আবৃত্তি করেন মো. রেজাউল করিম। সংগীত পরিবেশন করেন গৌরনদী বন্ধুসভার শিল্পী ঝর্ণা দাস, সেজুতি দাস প্রমুখ। পরে প্রগতি গণনাটক দলের উদ্যোগে মঞ্চস্থ হয় গণনাটক।