গৌরনদীতে ভেজাল গুড় তৈরির কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বন্দরের এক অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় রমজান মাস সামনে রেখে এক মাস ধরে এ ভেজাল গুড় তৈরির কারখানা চালু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিনি-ময়দা ও চিটাগুড়ের সঙ্গে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় লোভনীয় বাহারি রঙের আখের গুড়। বরিশাল ও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার গুড়ের মোকামে সরবরাহের জন্য মজুত করা হচ্ছে লাখ লাখ টাকার ভেজাল গুড়। প্রশাসন বিষয়টি দেখেও না দেখার ভান করেছে।৩১ মে সরেজমিনে গিয়ে জানা গেছে, গৌরনদী উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ী শাহ এন্টারপ্রাইজের মালিক বেকীনগর এলাকায় ভেজাল গুড় তৈরির কারখানা চালু করে মজুদ করেছেন। কারখানার বাইরে তালাবদ্ধ করে রাখা হয়েছে কিন্তু ভেতরে বসেই তৈরি করা হয় ভেজাল গুড়। সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কারখানায় কর্মরত ৮-১০ জন কারিগর গুড় তৈরি করছেন। কারখানার মধ্যে এক পাশে দুটি হাউজের মধ্যে রয়েছে দুর্গন্ধযুক্ত চিটাগুড়ের স্তূপ। ঢাকনাবিহীন হাউজের ওপর মশা-মাছি, তেলাপোকাসহ অন্যান্য পোকা-মাকড় অবাধে বিচরণ করছে। অপর পাশে দেখা যায় স্তূপ করে রাখা হয়েছে ময়দা ও চিনির বস্তা। কারখানার কর্মরত কারিগর রাজশাহী সদরের কাটাখালী গ্রামের রনজিত সরকার (৪০), আবুল হোসেনের (৩৫) কাছে এর ব্যবহার সম্পর্কে জানতে চাইলে তাঁরা বলেন, এই দিয়েই তো আখের গুড় তৈরি করা হয়। আখ দিয়ে আখের গুড় বানানোর দিন এখন আছে কি? তাঁরা জানান, ৬০ কেজি চিনি, ২০ কেজি ময়দা, ১০ কেজি নষ্ট দুর্গন্ধযুক্ত (ঝোলা) গুড় ও ১০ কেজি চিটাগুড় মিশিয়ে বিশাল আকৃতির তাফাল (বড় কড়াইতে) জ্বাল দেওয়া হয়। তার মধ্যে ৫০০ গ্রাম সালফেট ও বিশেষ একধরনের কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় আকর্ষণীয় রঙের ভেজাল আখের গুড়। প্রতি তাফালে ১০০ কেজির ঝোলাগুড় ২৫ কেজির পাটায় (ডাইস) দিয়ে এক একটি ২৫ কেজি ওজনের পাটাগুড় তৈরি করে মজুদ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে ভেজাল গুড়ের কারখানায় কর্মরত একাধিক কারিগর জানান, ১০০ কেজি ভেজাল গুড় তৈরি করতে তিন হাজার ১০০ থেকে তিন হাজার ২০০ টাকা খরচ হয়। তাতে প্রতি কেজি ভেজাল গুড় তৈরিতে খরচ হয় ৩১-৩২ টাকা। আর প্রতি কেজি গুড় ৪৮ টাকা দরে পাইকারি বিক্রি করা হয়। স্থানীয় লোকজন জানান, অধিক মুনাফার জন্য এ ভেজাল গুড় তৈরি করা হয়। রমজান মাসে আখের গুড়ের ব্যাপক চাহিদা বেড়ে যায়। যে কারণে উৎপাদিত গুড় মজুদ করা হচ্ছে। লাখেরাজ কসবা গ্রামের মো. লিয়াকত শাহ (৫০), দক্ষিণ বিজয়পুর গ্রামের মো. জয়নাল আবেদীন (৫৫) অভিযোগ করেন, ব্যবসায়ীরা অধিক লাভের আশায় ক্রেতাসাধারণকে ভেজাল ধরিয়ে দিচ্ছেন এবং নিরাপদে ভেজাল গুড় তৈরি করেছেন। স্থানীয় প্রশাসন বিষয়টি দেখেও না দেখার ভান করেছে। নাম প্রকাশ না করার শর্তে টরকী বন্দরের এক আড়তদার বলেন, টরকী থেকে প্রতিদিন গৌরনদী, পার্শ্ববর্তী কালকিনি, বানারীপাড়া, স্বরূপকাঠি, কোটালীপাড়া, আগৈলঝাড়া, পটুয়াখালী, উজিরপুর, মুলাদীসহ দেশের বিভিন্ন স্থানে বর্তমানে গড়ে প্রতিদিন পাইকারি দুই-আড়াই শ মণ গুড় সরবরাহ করা হয় এবং রমজান মাসে চাহিদা এর দ্বিগুণ। এসবই ভেজাল গুড় কিন্তু গুড়ের রং এতই আকর্ষণীয় যে অতি সহজেই ক্রেতাদের মন কাড়ে। আখের উৎপাদন কম, আর গুড়ের চাহিদা বেশি হওয়ার সুযোগে গড়ে উঠেছে ভেজাল আখের গুড়ের কারখানা। স্থানীয় হাবিবুর রহমানসহ একাধিক ব্যবসায়ী জানান, চিনির মূল্য পাইকারি হিসাবে প্রতি কেজি ৩৮ টাকা আর গুড়ের কেজি ৪৮ টাকা। অধিক মুনাফার আসায় শাহ এন্টারপ্রাইজের মালিক দিলীপ শাহ দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে শাহ এন্টারপ্রাইজের মালিক দিলীপ শাহ বলেন, ‘এটা কোনো ভেজাল নয়, আমার ব্র্যান্ডের এটাই আসল। ময়দা ও চিটাগুড় মেশানো না হলে ঝোলাগুড় শক্ত হয় না। আর গুড়ে রং হওয়ার জন্য সালফেট মেশানো হয় এ কথা সত্য, কিন্তু বিষাক্ত কেমিক্যালের বিষয়টি ঠিক নয়।’ গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, খাদ্যজাতীয় দ্রব্যে বিষাক্ত কেমিক্যাল ও সালফেট ব্যবহার শারীরিকভাবে নানা জটিল রোগের সৃষ্টি করে এবং মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুল হক মিজান বলেন, ‘স্থানীয়রা বিষয়টি আমাদের আগে অবহিত করলে হয়তো এত দিনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।’গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গৌরনদীতে ভেজাল কারখানা রয়েছে, তা আমার জানা নেই। অনতিবিলম্বে ভেজালবিরোধী অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’