গৌরনদীতে মাধ্যমিক উপবৃত্তির কয়েক লাখ টাকা ভাগাভাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট অফিস, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদী উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৫টি দাখিল মাদ্রাসার তিন হাজার ৭৪৩ জন ছাত্রছাত্রীকে উপবৃত্তির আওতায় নেওয়া হয়। এসব ছাত্রছাত্রীর অনুকূলে ২০০৯ সালের জুলাই থেকে ডিসেম্বর ছয় মাসের বৃত্তির টাকা বাবদ ২৯ লাখ ৭৫ হাজার ৬১৯ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ১২ থেকে ২৫ মে উপজেলার আটটি কেন্দ্রে এ টাকা দেওয়া হয়। জানা গেছে, উপবৃত্তির আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা বৃত্তির টাকা বিতরণের আগেই বিতরণ খরচ বাবদ জনপ্রতি ৩০ টাকা হারে আদায় করে থাকে। টাকা বিতরণকালে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে স্কুলের পাওনা বেতনের নামে ৩০০ থেকে ৩৫০ টাকা কর্তন করে রেখে দেওয়া হয়। এ ছাড়া এ বৃত্তি বিতরণের দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিষ্ঠান-প্রধানদের সঙ্গে আঁতাত করে অনুপস্থিত শিক্ষার্থীদের টাকা উপস্থিত দেখিয়ে তা উত্তোলন করে ভাগাভাগি করে নেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন সহকারী শিক্ষক ও শিক্ষা অফিসের একটি সূত্র জানায়, উপবৃত্তির আওতায় ৪১টি প্রতিষ্ঠানে ৮০০ থেকে ৯০০ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে। তাদের স্বাক্ষর জাল করে ওই টাকা উত্তোলন করে ভাগাভাগি করে আত্মসাৎ করা হয়। বরাদ্দ কম অজুহাতে মেরিট ক্যাটাগরির শিক্ষার্থীদের গণহারে সাধারণ ক্যাটাগরির বরাদ্দ প্রদান করে উদ্বৃত্ত অর্থও ভাগাভাগি করা হয়। উপবৃত্তির নীতিমালা অনুযায়ী মেরিট ক্যাটাগরিতে ষষ্ঠ শ্রেণীতে ৭৫০ টাকা, সপ্তম শ্রেণীতে ৭৮০ টাকা, অষ্টম শ্রেণীতে ৮১০ টাকা, নবম ও দশম শ্রেণীতে এক হাজার ৫০ টাকা এবং সাধারণ ক্যাটাগরিতে ষষ্ঠ শ্রেণীতে ৩৯০ টাকা, সপ্তম শ্রেণীতে ৪৫০ টাকা, অষ্টম শ্রেণীতে ৫৪০ টাকা, নবম ও দশম শ্রেণীতে ৯০০ টাকা প্রদানের কথা রয়েছে। গত ২০ মে গৌরনদী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুটি হাইস্কুল ও তিনটি দাখিল মাদ্রাসার ৫১৩ জন শিক্ষার্থীর মাঝে বিতরণকাজ চলছে। এ সময় উপবৃত্তির টাকা পাওয়া পশ্চিম শাওড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী শারমিন, সালমা, শারমিন, নুশরাত জাহান, আ. সালাম, মো. সোহেল, সালাউদ্দিনসহ অনেকেই অভিযোগ করে, বিতরণ খরচের জন্য আগেই তাদের কাছ থেকে ৩০ টাকা নেওয়া হয়েছে। এ ছাড়া তাদের প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা কেটে রাখা হয়েছে। ওই সময়ই তাদের সামনে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আবদুল জলিলের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাওনা বেতন রাখা হয়েছে। একই সময় দক্ষিণ নাঠৈ দাখিল মাদ্রার দশম শ্রেণীর ছাত্রী রহিমা আক্তার, সামিয়া, হালিমা, রাবেয়া, সিমা, মুন্নি আকতার একই অভিযোগ করে বলে, ‘টাকা কম দেওয়ার বিষয়ে কিছু বললে স্যারেরা আমাদের বৃত্তির টাকা বন্ধ করে দেওয়ার ভয় দেখান।’ এ প্রসঙ্গে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. নুরুল আমিন টাকা রাখার বিষয়টি পত্রিকায় না লেখার অনুরোধ জানিয়ে বলেন, মাদ্রাসাটি অনুমোদন না পাওয়ায় শিক্ষকদের বেতনের জন্য রাখা হয়। আল হেলাল দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী সাহেরাকে ৩৯০ টাকার পরিবর্তে ১৯০ টাকা দেওয়া হয়েছে। ২০০ টাকা কম দেওয়া হয়। তার চাচা এর তীব্র প্রতিবাদ করেন। পরে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা শাহাদাত হোসেন ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ২০০ টাকা ফেরত দেন। অনুরূপভাবে ৩৯ জন ছাত্রীকে ২০০ থেকে ৩০০ টাকা কম দিয়ে তা আত্মসাৎ করেন। ছাত্রীর বাড়িতে টাকা পৌঁছে দেওয়ার সত্যতা স্বীকার করে সুপার সাহাদাত বলেন, ভুলক্রমে তার (সাহেরা) টাকা রাখা হয়েছিল, অন্য কারও টাকা রাখা হয়নি। গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আফরিন জাহান মুন্নির মা নাসিমা বেগম অভিযোগ করেন, তাঁর মেয়ের কাছে স্কুলের কোনো টাকা পাওনা নেই। তার পরও তাকে এক হাজার ৫০ টাকার স্থলে মাত্র ৫০০ টাকা দেওয়া হয়। একইভাবে অভিযোগ করেন সপ্তম শ্রেণীর ছাত্রী জারিন তাসনিমের বাবা মো. ফরিদ সরদার, অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ইসলাম অন্তরার বাবা মো. অলি সরদার। অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষক সৈয়দ আতাউর রহমান বলেন, হয়তো ভুলবশত টাকা রাখা হয়েছে, তা ফেরত দেওয়া হবে। বার্থী হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী আফরোজা আক্তারের বাবা হারুন অর রশিদ জানান, তাঁর মেয়ের টাকা উত্তোলন করতে গিয়ে দেখেন, তাঁর মেয়ে উপবৃত্তির টাকা উত্তোলন করে নিয়েছেন প্রধান শিক্ষক।নাম প্রকাশ না করার শর্তে জনৈক শিক্ষক জানান, ১৩ মে বৃত্তির টাকা বিতরণ করা হয়। ওই দিন ২২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল কিন্তু বিতরণ কাজে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা তা উপস্থিত দেখিয়ে অন্য মেয়েদের দিয়ে স্বাক্ষর করে টাকা উত্তোলন করে ভাগাভাগি করেছেন। পরে আবদুর রশিদ মেয়ের টাকা না পাওয়ার বিষয়টি লিখিতভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করেন।অভিযোগ প্রসঙ্গে বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হালিম বেপারী বলেন, পাওনা বেতন রাখা হয়েছে। উপবৃত্তি প্রাপ্তদের বেতন রাখার কোনো নিয়ম নেই। তাদের বেতনের টাকা সরকার ভর্তুকি হিসেবে প্রদান করে, তারপরও কেন নিলেন? এ প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। এ অভিযোগ গৌরনদী উপজেলার উপবৃত্তির আওতায় থাকা প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। গৌরনদী উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে। এ অভিযোগ করেন বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান, শাহনাজ; বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. জামাল, গাউসিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী খাদিজাসহ অনেকেই। তারা বলে, নানা খরচ ও স্কুলের পাওনা বেতনের কথা বলে তাদের কাছ থেকে সর্বনিম্ন ২০০-৩০০ টাকা, কারও কারও কাছ থেকে আরও বেশি টাকা কেটে রাখা হয়েছে। অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা দাবি করেন, ছাত্রছাত্রীর কাছে পাওনা বেতন কর্তন করে রাখা হয়েছে। তাঁরা এ দাবি করলেও কোনো প্রতিষ্ঠানই রেখে দেওয়া টাকার বিপরীতে কোনো রসিদ দেয়নি। বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জনৈক কর্মকর্তা জানান, সরকারি নীতিমালা অনুযায়ী উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে কোনো বেতন নেওয়া যাবে না। উপবৃত্তি পাওয়া শিক্ষার্থী বেতনের অংশের টাকা সরকার ভর্তুকি হিসেবে প্রদান করে থাকে। অভিভাবক আনোয়ার হোসেন, মো. জাহান রেজা, মো. শামছুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাধ্যমিক উপবৃত্তির টাকা লুটপাট করে ভাগাভাগি হচ্ছে। কোন ক্যাটাগরির শিক্ষার্থী কত টাকা পাবে মাস্টাররা বিষয়টি গোপন রেখে তাঁদের ইচ্ছামতো বিতরণ করেন। এবং প্রতিবছর দুই কিস্তির কমপক্ষে ২৫-৩০ লাখ টাকা আত্মসাৎ করেন। তাঁরা আরও বলেন, উপবৃত্তি বিতরণ তদারকি কাজে নিযুক্ত সহকারী পরিচালক নিজেও এ অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত, কারণ ২০ মে গৌরনদী হাইস্কুল কেন্দ্রে তাঁর সামনেই দুর্নীতি করা হয়। অভিযোগ দেওয়ার পরও তিনি কোনো ব্যবস্থা নেননি। এ প্রসঙ্গে কোয়ালিটি সাপোর্ট সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের সহকারী পরিচালক রাজীব হালদারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যদি কেউ গোপনে টাকা রেখে দেয়, তা কী করার আছে। অভিযোগের ব্যাপারে উপবৃত্তি বিতরণকাজের সঙ্গে যুক্ত গৌরনদী শাখা অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো. জাহিদুর ইসলাম শেখ বলেন, ‘উপবৃত্তি বিতরণে অনিয়ম-দুর্নীতি রয়েছে এ কথা সত্য, তবে এর সঙ্গে ব্যাংক জড়িত নয়। দুর্নীতির বিষয়টি আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সহিদুল ইসলামকে অবহিত করে তা বন্ধের জন্য অনুরোধ জানিয়েছি।’ এসব অভিযোগের ব্যাপারে গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সহিদুল ইসলামের অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ‘ছাত্রীদের কাছে টাকা দেওয়ার পর কী হয় না-হয় তার দায়দায়িত্ব আমাদের নয়। টাকা ভাগাভাগির প্রশ্নই আসে না।’