গৌরনদীতে সুভাষ বাহিনীর সন্ত্রাসী তৎপরতা ফের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বহারা কামরুল গ্রুপের আঞ্চলিক নেতা এবং র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুভাষ হালদার ও তাঁর বাহিনীর সন্ত্রাসী তৎপরতা আবার শুরু হয়েছে।পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৩০ বছর ধরে বরিশাল পুলিশের শীর্ষস্থানীয় সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত রয়েছেন সর্বহারা কামরুল গ্রুপের আঞ্চলিক নেতা সুভাষ হালদার। গত ১০ বছর আত্মগোপন করে জীবন যাপন করেন সুভাষ। সুভাষ আওয়ামী লীগের সমর্থক হওয়ায় মহাজোট সরকার গঠনের পর মাঝেমধ্যে এলাকায় এসে অবস্থান করেন। গোপনে তাঁর অনুসারীদের নিয়ে বৈঠক করে কার্যক্রম পরিচালনা করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুভাষ সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আগাম প্রচারণায় তাঁর বাহিনী ও অনুসারীদের মাঠে নামান। এ ব্যাপারে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবু হানিফ আকন বলেন, ‘সুভাষ এলাকার নিয়ন্ত্রণ নিতে অব্যাহতভাবে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছেন। তিনি তাঁর দলভুক্ত করতে স্থানীয় লোকজনের ওপর চাপ সৃষ্টি করেছে। সুভাষের ছোট ভাই পলাশ হালদার আমাকে ও আমার ছোট ভাই হারুন আকনকে সুভাষের পক্ষে এলাকায় কাজ করার জন্য একাধিকবার হুকুম দেন। সন্ত্রাসীর পক্ষে কাজ করতে রাজি না হওয়ায় আমাকে নানা ধরনের ভীতিসহ জীবন নাশের হুমকি দেন।’আধুনা গ্রামের রীতা রানী দত্ত অভিযোগ করেন, সম্প্রতি তিনি তাঁর মৃত স্বামীর রেখে যাওয়া সম্পত্তির মধ্যে ১৪ একর সম্পত্তি বিক্রি করেন। এ খবর পেয়ে সুভাষ হালদার মোবাইল ফোনে ও তাঁর (সুভাষের) ছোট ভাই পলাশের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে সুভাষ হালদার ও পলাশ হালদারের বিরুদ্ধে গৌরনদী থানায় একাধিক জিডি করা হয়েছে।আধুনা গ্রামের আওয়ামী লীগের সমর্থক মো. হারুন-অর রশিদ বলেন, ‘সুভাষের ছোট ভাই পলাশের সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় গত ৩ মার্চ পলাশ হালদার বাদী হয়ে আমার বিরুদ্ধে গৌরনদী থানায় ছিনতাই মামলা করেন।’মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গনি বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সুভাষ-অনুসারীদের কথামতো কাজ না করায় হয়রানির জন্য এ মামলা করা হয়।’ সরিকল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আকবর মোল্লা, আধুনা গ্রামের আক্তার মোল্লা, খালেক সরদারসহ কয়েকজন অভিযোগ করেন, সুভাষের অনুসারী হিসেবে কাজ না করায় একইভাবে মোবাইল ফোনে ও প্রকাশ্যে তাঁদের নানা ভয়ভীতিসহ জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে। সরিকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আ. মান্নান মৃধা জানান, সুভাষ বর্তমানে রাতের আঁধারে এলাকায় এসে অনুসারীদের সংগঠিত করে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছেন। তাঁর লোকজনের কথামতো কাজ না করায় স্থানীয় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দিচ্ছেন। সুভাষের ভাই পলাশ হালদার বলেন, ‘একটি মহল আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সুভাষ বাহিনী বলতে কোনো কিছু নেই বা আমার ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা ছাড়া কোনো মামলা নেই। সে এলাকায় এসে সন্ত্রাসীদের সংগঠিত করে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, এ কথা সত্য নয়।’সুভাষ হালদার মোবাইল ফোনে বলেন, ‘আমার কোনো বাহিনী নেই, আমি কোনো সন্ত্রাসের সঙ্গে জড়িত নই। আমার প্রতিপক্ষ একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমি সন্ত্রাসীদের সংগঠিত করছি এ কথার সত্যতা নেই।’এ ব্যাপারে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে সুভাষ হালদার আত্মগোপনে রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন সময় অভিযান চালানো হয়েছে। বর্তমানেও সে ধারা অব্যাহত রয়েছে।’