গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বরিশালের গৌরনদী উপজেলায় আজ মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাস ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে রাবণ বণিক (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।রাবণ বাটাজোর বন্দরের একজন ব্যবসায়ী। তাঁর বাড়ি উপজেলার বাটাজোর গ্রামে। তাঁর বাবার নাম মৃত সুধাংশু বণিক।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকাল নয়টার দিকে আল-মক্কা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার বাটাজোর-সরিকল সড়কের সাহাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি মিশুকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাবণ বণিক ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আরও ১০ যাত্রী আহত হয়।সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহজালাল খলিফা প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠানো হয়েছে।