গৌরনদীর মাহিলাড়া খাল খনন করায় কৃষকের মুখে হাসি
‘এহন ধান লাগাইতে (চাষে) মোগো আর চিন্তা করন লাগব না। হক্কল বছরই ভুঁই (জমি) লাগানের পর পানির লাইগা চিন্তায় দুই চোক্কে (চোখে) আর ঘুম আইতো না। ভুঁই লাগানোর পর পরই খালে পানি না থাহায় খেত ফাইট্টা ঝুরা ঝুরা (চৌচির) হইয়া ধানগাছ মইরা যাইত। ধান না হওয়ায় হারা বছর পোলাপান লইয়া কত যে কষ্ট অইছে। এহন আর মোগো পানির কষ্ট থাকবে না।’ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের কৃষক মো. জামাল সরদার এ কথাগুলো বলেন। একই ধরনের কথা বলেন ওই গ্রামের কৃষক রবিন দাস, শওকত সরদার, সুধীর দাস, মিজু কবিরাজসহ কয়েকজন। স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া থেকে লালপুল হয়ে কেফায়েত নগর পর্যন্ত খালে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় এলাকার কৃষকদের বোরো মৌসুমে চাষাবাদে ভোগান্তি পোহাতে হয়। খালটি খননের জন্য কৃষকেরা ১০ বছর ধরে বিভিন্ন সময়ে আবেদন করেও ব্যর্থ হন। পরে বর্তমান সরকারের আমলে বিএডিসির বরিশাল-ঝালকাঠি কৃষি উন্নয়ন প্রকল্পের অধীনে ১৭ লাখ টাকা ব্যয়ে খালটি খনন করা হয়। মেসার্স অপূর্ব ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান খননের কাজ করে। মাহিলাড়া গ্রামের আলমগীর হোসেন, রুহুল আমিন ও আনোয়ার হোসেন জানান, খালটি খননের ফলে এলাকার কৃষকদের দীর্ঘ দিনের দাবি পূরণ হলো। খাল খননকাজে নিয়োজিত মাটিকাটা শ্রমিকদের সর্দার মো. সেলিম মিয়া জানান, প্রতিদিন ১১৫ জন শ্রমিক খাল পুনঃ খননের কাজ করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারকি কাজে নিয়োজিত মাহিলাড়া গ্রামের পলাশ কবিরাজ বলেন, ‘প্রতিবছর পানির অভাবে এ খালের আওতাভুক্ত ১৬টি বোরো ব্লকের প্রায় এক হাজার একর জমিতে চাষ মারাত্মকভাবে ব্যাহত হতো। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর উদ্যোগে খাল পুনঃ খননের ফলে কৃষকদের সমস্যার সমাধান হয়েছে। এ ব্যাপারে গৌরনদী বিএডিসির প্রকৌশলী মতিলাল রায় বলেন, ‘খালটি খননের ফলে এলাকার কৃষকের মুখে যেমন হাসি ফুটেছে, তেমনি বোরো উত্পাদনও বৃদ্ধি পাবে।’ গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর বিশ্বাস বলেন, ‘খালটি খনন করায় উত্পাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের কষ্ট লাঘব হবে।’