গৌরবময় স্মৃতি শাহবাজের মসজিদ
বহু উত্থান-পতনের মধ্য দিয়ে রাজধানী ঢাকা ৪০০ বছর পূর্ণ করতে চলেছে। বুড়িগঙ্গাপারের অখ্যাত এ জনপদটি একসময় মোগল শাসকদের হাত ধরে অভিষিক্ত হয়েছিল রাজধানীর মর্যাদায়। আঠারো শতকে পরিণত হয়েছিল বিশ্বের সেরা ২০টি শহরের দ্বাদশতম শহরে। সে গৌরব এখন অতীত। দুর্বিষহ যানজট, বিলীয়মান সবুজের প্রেক্ষাপটে গায়ে গায়ে লাগানো দরদালানে ঘিঞ্জি, আকাশ ছেয়ে ফেলা বহুতল ভবনে আকীর্ণ প্রায় দেড় কোটি লোকের আশ্রয়স্থল এই শহর এখন স্বাধীন দেশের রাজধানী হলেও বিশ্বসেরাদের তালিকায় তার আর স্থান নেই।যেসব মোগল স্থাপত্য ঢাকাকে বিশ্বখ্যাত করে তুলেছিল, তারও বেশির ভাগই জরাজীর্ণ, বিলুপ্ত বা ধ্বংসপ্রায়; বিশেষ করে আবাসিক ভবনগুলোর অবস্থা বিপর্যস্ত, সেতুগুলো বিলুপ্ত। শুধু ধর্মীয় স্থাপনাগুলোই কোনো রকমে টিকে আছে। ঢাকার মোগল যুগের প্রথম দিকের স্থাপনার মধ্যে কোনোটিই ভালো অবস্থায় নেই। ড. আব্দুল করিম তাঁর মোগল রাজধানী ঢাকা বইয়ে ইসলাম খানের সময় থেকে মীর জুমলার মৃত্যু পর্যন্ত (১৬১০—৬৩) যে চারটি প্রধান স্থাপনার উল্লেখ করেছেন, তার মধ্যে বড়কাটরা (১৬৪৫) ও ধানমন্ডির ঈদগাহ, চুরিহাট্টার মসজিদ (১৬৪৯) ও মুকিম কাটরা। এর মধ্যে মুকিম কাটরা সম্পূর্ণ বিলুপ্ত। বড়কাটরাও প্রায় ধ্বংস। চুরিহাট্টা মসজিদের আগের রূপও নেই, এখন সেখানে উঠেছে বহুতল ইমারত। ধানমন্ডির ঈদগাহের পশ্চিম প্রাচীর ছাড়া অন্য তিন পাশের প্রাচীর ধ্বংস হয়ে গিয়েছিল। পশ্চিমের প্রাচীরটিও ছিল আধভাঙা। পরে এটি সংস্কার করা হয়েছে। এরপর যে স্থাপনাগুলো নির্মিত হয়েছিল, তার মধ্যে এখনো ভালোভাবে টিকে আছে সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ-পূর্ব কোণের হাজি শাহবাজের মসজিদ ও সমাধিসৌধ। স্থাপনাটি অবশ্য এখন আর সামনে থেকে চোখে পড়ে না। তিন নেতার মাজারের বিশালাকার স্থাপত্যের আড়ালে পড়ে গেছে এই মোগল কীর্তি। তিন গম্বুজবিশিষ্ট মসজিদটি নির্মিত হয়েছিল শাহজাদা মুহম্মদ আজমের সুবাদারির সময়, ১৬৭৯ সালে। রেনেলের আঁকা ১৭৮০ সালের ঢাকার মানচিত্রে রমনার সবুজ অরণ্যের কোণে মীর জুমলার ফটকের পাশে এ মসজিদটির উল্লেখ আছে।হাজি শাহবাজের পরিচয় নিয়ে একটু খটকা আছে। বাংলাপিডিয়ায় তাঁকে শাহজাদা বলে উল্লেখ করা হয়েছে। তবে রহমান আলী তায়েশের তাওয়ারীখে ঢাকা, সৈয়দ মুহম্মদ তাইফুরের গ্লিমসেস অব ওল্ড ঢাকা এবং যতীন্দ্র মোহন রায়ের ঢাকার ইতিহাস বইয়ে তাঁকে ব্যবসায়ী বলে উল্লেখ রয়েছে। মুনতাসীর মামুনও তাঁর ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী বইয়ে এই মতের সমর্থন করেছেন। যতীন্দ্র মোহন রায় লিখেছেন, ‘রমনা মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে এক প্রান্তে দুটি প্রাচীন মসজিদ বিদ্যমান আছে। উহার একটি হাজী খাজে সাহাবাজের মসজিদ এবং অপরটি উক্ত মহাত্মার সমাধি স্থান। ইনি কাশ্মীরাঞ্চল হইতে বাণিজ্যব্যপদেশে ঢাকা নগরীতে আগমন করেন এবং টঙ্গীতে স্বীয় আবাসস্থল মনোনীত করেন। টঙ্গী হইতে ইনি প্রতিদিন সান্ধ্যনামাজের জন্য এই স্থানে আগমন করিতেন।...সাহাবাজের সমাধিও ঐ সময়ই তৎকর্তৃক নির্মিত হইয়াছিল এবং পরে তাঁহার মৃত্যু হইলে শবদেহ এই মসজিদমধ্যে সমাধিস্থ করা হয়।’মসজিদ: হাজি খাজা শাহবাজের মসজিদ ও সমাধিটি অন্যান্য মোগল স্থাপনার মধ্যে তুলনামূলকভাবে বেশ ভালো আছে। মসজিদটি তিন গম্বুজবিশিষ্ট। লম্বা ৬৮ ফুট, প্রস্থ ২৬ ফুট। চারপাশে চারটি আট কোণবিশিষ্ট মিনার এবং তার ওপরে ছোট আকারের গম্বুজ। পূর্ব দিকের দেয়ালে তিনটি এবং উত্তর-দক্ষিণে একটি করে প্রবেশপথ। দরজার চৌকাঠগুলো কালো পাথরে নির্মিত। ভেতরে পশ্চিমের দেয়ালে তিনটি মেহরাব। মাঝের কেন্দ্রীয় মেহরাবটি আকর্ষণীয় কারুকাজখচিত। এ ছাড়া মসজিদের দেয়াল ও কুলুঙ্গিগুলোও বর্শাফলক ও ফুলের নকশাখচিত। ছাদে আছে পদ্ম ও কলসখচিত তিনটি বড় আকারের গম্বুজ। মসজিদের ভেতর এই গম্বুজের অভ্যন্তর চমৎকার ইটের গাঁথুনি ও অলংকরণ দৃষ্টিনন্দন।সমাধিসৌধ: সমাধিটির অবস্থান মসজিদের উত্তর-পূর্ব কোণে। এটি বর্গাকৃতির। প্রতি বাহু ২৬ ফুট। ছাদে একটি গম্বুজ ও চার কোণে চারটি আট কোণ মিনারের ওপর নিরেট গম্বুজ। সমাধিকক্ষের দক্ষিণের বারান্দা বাংলার ঐতিহ্যবাহী দোচালা ঘরের আকারে ছাউনিতে আচ্ছাদিত।হাজি শাহবাজের মসজিদ ও সমাধির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এর বর্শাফলক আকৃতির নকশা। বাংলা পিডিয়ায় উল্লেখ আছে, স্থাপত্যটি উত্তর ভারতের মোগল স্থাপত্যরীতির অনুসরণে নির্মিত। সম্রাট শাহজাহানের আগ্রা দুর্গের ‘দিউয়ান-ই-আম’ ভবনটির স্থাপত্যরীতি ও নকশা এতে অনুসরণ করা হয়েছে। হাজি শাহবাজের মসজিদে এখনো নিয়মিত নামাজ আদায় হয়। ঢাকার অতীত গৌরবের স্মৃতি নিয়ে টিকে আছে অনন্য এ স্থাপত্যটি।