গৌরবের টাইয়ে ক্যারিবীয়দের জয়ের স্বাদ
অধিনায়ক মিসবাহ কেন, কেউই ভাবতে পারেননি যে ম্যাচটা শেষ পর্যন্ত পাকিস্তান জিতছে না। ৯৭ ওভার খেলা হয়ে যাওয়ার পর ম্যাচের ফলের পাল্লাটা যে পুরোপুরিই ঝুঁকে ছিল পাকিস্তানের দিকে। শেষ ৩ ওভাবে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৩৯ রান; হাতে ২ উইকেট রেখে সেটাকে অসম্ভব এক লক্ষ্যই মনে হচ্ছিল। শেষ ওভারে এসে ক্যারিবীয়দের প্রয়োজন পড়ল ১৫ রান, ক্রিজে তখন তাদের শেষ দুই ব্যাটসম্যান—জেসন হোল্ডার ও কেমার রোচ। শেষ ওভারের উত্তেজনায় এই জুটি নিশ্চিত করল ম্যাচটা কেউই জিতছে না। এক গৌরবজনক টাই দিয়ে শেষ হওয়া সেন্ট লুসিয়ার তৃতীয় ওয়ানডে ম্যাচটি যেন জানান দিচ্ছে ক্রিকেটের অনিশ্চয়তার গৌরবগাথা। একেবারে অন্ধকার থেকে দলকে আলোতে টেনে নিয়ে এসে পরাজয় এড়িয়ে ক্যারিবীয় খেলোয়াড়েরা যেন উপলব্ধি করছেন জয়ের স্বাদ। আর তীরে এসে তরী ডোবানো মিসবাহ বাহিনীর অবস্থাটা যেন তড়িতাহত, কিংকর্তব্যবিমূঢ় সিংহের মতো।গায়ানা থেকে সেন্ট লুসিয়ায় এসে এই সিরিজের চরিত্র খুব একটা পাল্টায়নি। বাজে উইকেট যেন পিছুই ছাড়ছে না এই সিরিজের। পাকিস্তানের ব্যাটিং লাইন-আপও যেন ধনুক-ভাঙা পণ করে বসে আছে, বড় সংগ্রহের দিকে তারা যাবেই না। টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২৯ রানের স্কোরকে ভালো বলার লোক খুব বেশি নেই ক্রিকেট দুনিয়ায়। অধিনায়ক মিসবাহর অনবদ্য ৭৫ রান না হলে তা-ও হতো না। মিসবাহ পাকিস্তানি ব্যাটসম্যানদের ব্যর্থতার মধ্যেও যেন আশ্চর্য ব্যতিক্রম। ৩৯ রানে প্রথম দুই ব্যাটসম্যানকে হারিয়ে বসা পাকিস্তানকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলেন ওই মিসবাহ মোহাম্মদ হাফিজ ও অভিষিক্ত হারিস সোহেলকে সঙ্গে নিয়ে। হাফিজের সঙ্গে ৫৩ ও সোহেলের সঙ্গে ৬০ রানের জুটিতে মিসবাহর অবদানই ছিল সিংহভাগ। হাফিজ ১৪ ও সোহেল ২৬ রান করেন। মিসবাহর ৭৫ রানের পাশাপাশি উমর আকমলের ব্যাট থেকে আসে ৪০ রান। এ ছাড়া নাসির জামশেদ ২০ ও আহমেদ শেহজাদ ১৭ রান করেন। শেষ ৪.২ ওভারে উমর আকমল ও ওয়াহাব রিয়াজ মিলে ৫২ রান তুললে পাকিস্তান স্কোরবোর্ডে পায় মোটামুটি লড়াই করার মতো সংগ্রহ।ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ডেসন হোল্ডার ও ডোয়াইন ব্রাভো যথাক্রমে ৪০ ও ৫০ রানের বিনিময়ে দুটি করে উইকেট দখল করেন। কেমার রোচ ও ড্যারেন স্যামির সংগ্রহ একটি করে উইকেট।২৩০ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংও ছিল তথৈবচ। লেন্ডল সিমন্সের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৫ রান। মারলন স্যামুয়েলস করেন ৪৬ রান। এই দুই ব্যাটসম্যানের পাশাপাশি ওপরের দিকে কিছুটা রান পান ড্যারেন ব্রাভো (১৭)। ওয়েস্ট ইন্ডিজের বাকি গল্পটা এরপর পুরোটাই টেইল-এন্ডারকেন্দ্রিক। আগেই বলা হয়েছে, শেষ ৩ ওভারে প্রয়োজনীয় ৩৯ রান তোলার জন্য তাদের হাতে ছিল মাত্র দুটি উইকেট। সুনীল নারাইন ১৪ রান করে ক্যারিবীয়দের লক্ষ্যের দিকে এগিয়ে দিয়ে যান অনেকটাই। কেমার রোচ অপরাজিত থাকেন ৬ রানে। তবে শেষ পর্যন্ত কাজের কাজটি করেছেন ওই হোল্ডারই, ১৯ রান করে নিশ্চিতভাবেই প্রতিপক্ষের মুখ থেকে তিনি কেড়ে নেন বিজয়ের মধুর স্বাদ। দল জিততে না পারলেও প্রতিপক্ষকে জিততে না দেওয়াও ক্রিকেটে গৌরব হিসেবেই ধরে নেওয়া হয়। সূত্র: রয়টার্স। সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান ২২৯/৬ (৫০ ওভার)মিসবাহ ৭৫, উমর আকমল ৪০হোল্ডার ২/৪০, ডোয়াইন ব্রাভো ২/৫০ওয়েস্ট ইন্ডিজ ২২৯/৯ (৫০ ওভার)সিমন্স ৭৫, স্যামুয়েলস ৪০, হোল্ডার ১৯*জুনাইদ খান ৩/৫৪, মোহাম্মদ ইরফান ২/৩৪, সাঈদ আজমল ৩/৩৬ফলাফল: ম্যাচ ‘টাই’ম্যান অব দ্য ম্যাচ: মিসবাহ-উল হক ও জেসন হোল্ডার যৌথভাবে।