পাছে পাকিস্তান ভেঙে যায়, এই ভয়ে ১৯৪৮ সালে রাষ্ট্রভাষা-আন্দোলনে যোগ দিইনি। নিজের সে-ক্ষতি সুদে-আসলে পুষিয়ে নিয়েছিলাম ১৯৫২ সালে।ততদিনে জগন্নাথ কলেজে আই এ প্রথম বর্ষে পড়ি। থাকি ঠাটারিবাজারে। বাড়ির কাছে পূর্ব পাকিস্তান যুবলীগের কেন্দ্রীয় দপ্তর। যুবলীগ তখন এ-অঞ্চলের একমাত্র অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান। তার সভাপতি মাহমুদ আলী, সাধারণ সম্পাদক অলি আহাদ। যুবলীগে আমি যাতায়াত করি। অলি আহাদ একদিন দপ্তর-সম্পাদকের দায়িত্ব অর্পণ করলেন আমাকে। তার অল্পকাল পরেই ঢাকায় খাজা নাজিমউদ্দীনের বক্তৃতা এবং রাষ্ট্রভাষা-আন্দোলনের সূচনা।সেই আন্দোলনে যুবলীগ একটা বড়ো ভূমিকা পালন করেছিল। ঢাকা থেকে আমরা জেলায় জেলায় যোগাযোগ রাখছি। সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, দিনাজপুর আমাদের বড়ো ঘাঁটি, আরেকটা বড়ো ঘাঁটি নারায়ণগঞ্জ। সব জায়গায় ফেব্রুয়ারির আন্দোলনের প্রস্তুতি চলছে।ওদিকে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই একটা করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে।