গৌরীপুরে ট্রাক উল্টে ছয়জন নিহত
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলায় গতকাল রোববার সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিদের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন: মনু মিয়া, ইয়াকুব আলী, জানিক মিয়া, আবদুল কুদ্দুস ও আসাদুল হক। তাঁদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী সিমেন্টবোঝাই ট্রাকটি গৌরীপুর উপজেলার বড়ইতলায় এসে একটি রিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় বিকট শব্দে ট্রাকটি উল্টে রাস্তার পাশে ১০ থেকে ১২ ফুট নিচে পড়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেন। তাঁরা সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে থাকা ছয়জনের লাশ উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, হতাহত ব্যক্তিরা শ্রমিক। কাজ শেষে কম ভাড়ায় বাড়ি ফেরার জন্য সিমেন্টবাহী ট্রাকে উঠে পড়েছিলেন তাঁরা। গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল হান্নান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।