সাহিত্যের নানা শাখা ছাড়াও নৃত্য ও সংগীতেও নানা ধরনের রস উপস্থাপন করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেসব রসের ধারা কিছুটা আস্বাদন করা গেল গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত গৌড়ীয় নৃত্যের অনুষ্ঠানে।কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ‘সকল রসের ধারা’ নামে গৌড়ীয় নৃত্য পরিবেশন করেন ভারত থেকে আসা ‘গৌড়ীয় নৃত্যভারতীর’ শিল্পীরা। ‘নৃত্যের তালে তালে হে নটরাজ’—এই সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। নাচে ও গানে নটরাজ-বন্দনার মাধ্যমে নৃত্যের জয়ধ্বনি উচ্চারণ করেন শিল্পীরা।‘আমার সকল রসের ধারা’, ‘তুমি রবে নীরবে’সহ বেশ কয়েকটি সংগীত ও নৃত্যের সঙ্গে শৃঙ্গার রস, হাস্য রস, করুণ রস, রুদ্র রস, বীর রস, ভয়ানক রস, বীভৎস রস ও শান্ত রস পরিবেশন করেন শিল্পীরা।রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের প্রধান মহুয়া মুখার্জির নেতৃত্বে নাচলেন অর্পিতা মুখার্জি, রঞ্জিশ চ্যাটার্জি, পারমিতা ব্যানার্জি, স্বরূপ দাশ, নয়নিকা চ্যাটার্জি, রচনা কর, অয়ন মুখার্জি, দেবাশীষ সরকার, শেখ ওয়াসিম রাজা, প্রিয়াঙ্কা অ্যাগনেস প্যারিস, সৌম্য বিশ্বাস ও শিবু দাস। সংগীত পরিচালনা করেন অমিতাভ মুখোপাধ্যায়।মুক্তিযুদ্ধ জাদুঘরে নানা আয়োজনমুক্তিযুদ্ধ জাদুঘরের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে জাদুঘর প্রাঙ্গণে সাত দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার আয়োজনের দ্বিতীয় দিন বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ে চার হাজার ৪০০ বইয়ের নামসংবলিত মুক্তিযুদ্ধের গ্রন্থপঞ্জী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি সম্পাদনা করেছেন অধ্যাপক আবু মোহাম্মদ দেলওয়ার হোসেন।প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গতকাল বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। সন্ধ্যায় মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র ও স্বরশ্রুতির সদস্যরা।নাটক পরিবেশন করে সংলাপ গ্রুপ থিয়েটার। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল ও নারায়ণগঞ্জের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত জাদুঘর প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।গ্যালারি কায়ার উদ্যোগে বান্দরবানে আর্ট ক্যাম্পদেশের নবীন ও প্রবীণ ১২ জন শিল্পী নিয়ে গতকাল শুক্রবার থেকে বান্দরবানে শুরু হয়েছে আর্ট ক্যাম্প। গ্যালারি কায়ার আয়োজনে গাইড ট্যুরসের মিলনছড়ি হিল রিসোর্টে পাঁচ দিন ধরে চলবে এই ক্যাম্প। গতকাল বিকেলে আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা একযোগে ছবি আঁকেন। ক্যাম্পের উদ্বোধন করেন এর অন্যতম শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। ক্যাম্পে অংশ নেওয়া অন্যরা হলেন: হামিদুজ্জামান খান, তরুণ ঘোষ, কাজী রকিব, মাসুদা কাজী, সমীরণ চৌধুরী, আশরাফুল হাসান, তরিকত ইসলাম, নগরবাসী বর্মণ, বিশ্বজিৎ গোস্বামী, সোহাগ পারভেজ ও কামালুদ্দিন।গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী বলেন, ‘গ্যালারি কায়া আয়োজিত আগের আর্ট ক্যাম্পগুলোতে স্বনামধন্য শিল্পীদের প্রাধান্য দেওয়া হয়েছিল। এবারের ক্যাম্পে আমরা তরুণ প্রতিভাবান শিল্পীদের প্রাধান্য দিয়েছি। কারণ, এই তরুণ শিল্পীরা ইতিমধ্যেই স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছেন।’ দিল্লিতে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব শুরুকলকাতা প্রতিনিধি জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪০ বছর স্মরণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব। উৎসব শুরু হয়েছে গতকাল শুক্রবার। শেষ হবে কাল রোববার। গতকাল সন্ধ্যায় সিরি ফোর্ট প্রেক্ষাগৃহে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম এবং ভারতের তথ্য ও সমপ্রচার মন্ত্রকের সচিব উদয় কুমার ভার্মা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। এর আগে কলকাতা ও আগরতলায় এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মাহাবুব হাসান সালেহ প্রথম আলোকে জানান, এই উৎসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ছবিগুলো হলো: তারেক মাসুদের মাটির ময়না, তৌকীর আহমেদের জয়যাত্রা, মোরশেদুল ইসলামের খেলাঘর এবং আমার বন্ধু রাশেদ, নাসির উদ্দীন ইউসুফের গেরিলা এবং বদরুল আনাম সৌদের খণ্ডগল্প ১৯৭১।