গ্যারি কারস্টেনের ওপর চাপটা অত্যধিক: ধোনি
ত্রিদেশীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ভারতীয় ক্রিকেট দলের একজন বোলিং ও ফিল্ডিং কোচের প্রয়োজন। তিনি এ মুহূর্তে কোচ গ্যারি কারস্টেনের ওপর ‘কাজের চাপ’ অত্যধিক বলেও মন্তব্য করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।মহেন্দ্র সিং ধোনি বলেন, কোনো কোনো সময় দলের হেড কোচের পক্ষে সব ক্রিকেটীয় ব্যাপার দেখভাল করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এগুলো দলকেও প্রভাবিত করে। যদিও কারস্টেন এগুলো ভালোমতোই সামলাচ্ছেন। তাঁর ভান্ডার অভিজ্ঞতায় পূর্ণ। তার পরও চাপটা তাঁর ওপর অত্যধিক। তিনি অবশ্য মনে করিয়ে দেন, গ্যারি কারস্টেনের সহকারী নিয়োগ দেওয়া-না দেওয়া সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার।গত অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ড হঠাত্ বোলিং কোচ ভেঙ্কটেশ প্রসাদ ও ফিল্ডিং কোচ রবিন সিংকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট দলের টেকনিক্যাল বিষয়গুলো কোচ কারস্টেনই দেখভাল করছেন।বর্তমানে ভারতীয় দলের ফিল্ডিং পারফরম্যান্স বিচারে একজন ফিল্ডিং কোচের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সর্বশেষ সফরে আমাদের বেশকিছু ক্যাচ পড়েছে। গ্রাউন্ড ফিল্ডিংয়ের মানও সন্তোষজনক ছিল না। তিনি আরও বলেন, ভালো ফিল্ডিং দলকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে। মাঝামাঝি ওভারগুলোতে ভালো ফিল্ডিং বিপক্ষ দলের রানের রাস টেনে ধরতে পারে।ধোনি আরও বলেন, সাধারণত একটি প্র্যাকটিস সেশনে একজন খেলোয়াড় ৫০ থেকে ১০০টি ক্যাচ নেয়। তার পরও ম্যাচের সময় অনেক ভুল হচ্ছে। আমাদের লক্ষ্য এ ভুলগুলোকে যথাসম্ভব কমিয়ে আনা। ৪ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাওয়া ত্রিদেশীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে আজ শনিবার দুপুরে ভারতীয় ক্রিকেট দল ঢাকায় পৌঁছাবে। শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ এ প্রতিযোগিতার অপর দুই দল।