গ্যালাপের ফল অন্য রকম
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অধিকাংশ জনমত জরিপের ফলাফলে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা ও মিট রমনির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হচ্ছে। তবে আন্তর্জাতিক জরিপ সংস্থা গ্যালাপ বলছে ভিন্ন কথা। সংস্থাটির সর্বশেষ এই জরিপের ফলাফলে রিপাবলিকান প্রার্থী মিট রমনি ছয় শতাংশের ব্যবধানে জয়লাভ করবেন বলে আভাস দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।ডেমোক্র্যাট দলীয় বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনির জনপ্রিয়তা নিয়ে সে দেশে প্রতিদিনই বিভিন্ন সংস্থা জরিপ করছে। এসব জরিপের ফলাফলে দুই প্রার্থীর জনপ্রিয়তায় খুব একটা ব্যবধান দেখা যাচ্ছে না। বরং জরিপ পরিচালনাকারী অধিকাংশ প্রতিষ্ঠানই বলছে, তাঁদের মধ্যে হবে সত্যিকারের হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত জরিপ সংস্থা গ্যালাপের অবস্থান এ ক্ষেত্রে ভিন্ন। অন্যান্য সংস্থার জরিপের ফলাফলের সঙ্গে তাঁদের ফলাফলের ব্যবধান চোখে পড়ার মতো। গতকাল শুক্রবার বিকেলে গ্যালাপের প্রকাশ করা জরিপের ফলাফলে দেখা যায়, ১৯ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হলে ওবামার চেয়ে রমনি ছয় শতাংশ ভোট বেশি পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হতেন। জরিপের ফল অনুযায়ী, রমনি পেয়েছেন ৫১ শতাংশ ভোটারের সমর্থন। আর ওবামার পক্ষে রয়েছে ৪৫ শতাংশের সমর্থন।তবে একই দিন রয়টার্স-ইপসস পরিচালিত জরিপের ফলাফলে আভাস মিলেছে, জনপ্রিয়তার দিক থেকে ওবামা তাঁর প্রতিপক্ষের চেয়ে তিন শতাংশ এগিয়ে। পাবলিক পলিসি পোলিং জানিয়েছে, ওবামা ১ শতাংশ এগিয়ে আছেন। রান্ড বলছে, রমনির চেয়ে ওবামা ৩ শতাংশ এগিয়ে। আর রাসমুসেনের জরিপ অনুসারে, দুই প্রার্থীর অবস্থান সমান সমান।গ্যালাপ ও অন্যান্য সংস্থার জরিপের ফলাফলের মধ্যকার এই ব্যবধান নিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে গ্যালাপের প্রধান সম্পাদক ফ্রাঙ্ক নিউপোর্ট বলেছেন, তাঁর প্রতিষ্ঠানের জরিপের ফলাফল কেন অন্যদের মতো হচ্ছে না, তা তিনি জানেন না। তবে এই পার্থক্যে তিনি বিচলিত নন। তিনি বলেন, ‘আমরা সম্ভাব্য ভালো কাজ করার চেষ্টা করি।’ গ্যালাপের জরিপের ফলাফল অন্যদের থেকে আলাদা হলেও ইতিহাস বলে ভিন্ন কথা। এ পর্যন্ত ১৯টি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে তিনটি বাদে অন্যগুলোতে গ্যালাপের পূর্বানুমানই সঠিক হয়েছিল।তবে মজার বিষয় হলো, জরিপে ওবামা যখন এগিয়ে ছিলেন, তখন রিপাবলিকান শিবিরের অভিযোগ ছিল, জরিপে ডেমোক্র্যাটদের সাক্ষাত্কার বেশি নেওয়া হয়েছে। এখন রমনি এগিয়ে থাকায় একই কথা শোনা যাচ্ছে ডেমোক্র্যাটদের মুখে।