গ্যালারি কায়ায় নিসর্গে পুনর্জাগরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিগুলো এখন ফ্রেমবন্দী হয়েছে। ভুটানের পারো আর থিম্পুতে ১১ জন শিল্পী যে ছবিগুলো এঁকেছিলেন, সেগুলোই এখন গ্যালারি কায়ার দেয়ালে। গতকাল শুক্রবার শিল্পীরা এসেছিলেন গ্যালারি কায়ায়। এটা ছিল প্রাক-প্রদর্শনী সম্মিলন। আজ থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে প্রদর্শনী। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। খোলা থাকবে বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। ‘রিনিউয়াল ইন সেরেনিটি’ নামের এ প্রদর্শনীটি সত্যিই যেন নিসর্গে পুনর্জাগরণ।সেপ্টেম্বরে গ্যালারি কায়ার আয়োজনে ‘ভুটান আর্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছিল। সেই সাত দিন সাদা ক্যানভাসগুলো ভরে উঠেছিল রঙে। শিল্পী কাইয়ুম চৌধুরী, তাহেরা চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, মাহমুদুল হক, রণজিৎ দাশ, মনসুর উল করিম, তরুণ ঘোষ, শিশির ভট্টাচার্য্য আর নগরবাসী বর্মণ যেন ভুটানের প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছিলেন। তাঁদের কাজেও পড়েছিল ভুটানের প্রকৃতির ছাপ। এখন ফ্রেমবন্দী হয়ে ছবিগুলো ছড়িয়ে আছে গ্যালারি কায়ার চারটি ঘরে।শিল্পীরা ঘুরে ঘুরে দেখছিলেন নিজেদের কাজ। বলছিলেন, এখানে এসে আবার যেন পাচ্ছেন ভুটানের স্পর্শ। কাইয়ুম চৌধুরী বললেন, ‘পারো শহরের গাংতি প্যালেসের রেস্তোরাঁর কথা এখন যেন নতুন করে মনে পড়ছে। সেই বর্ষণমুখর দিন, ঝিঁঝি পোকার অনবরত ডেকে যাওয়া, দূরে রঙিন পাহাড় যেন এক অপার্থিব পরিবেশের সৃষ্টি করেছিল। আজও ভুলতে পারি না।’ সমরজিৎ রায়চৌধুরীর কণ্ঠে যেন তারই প্রতিধ্বনি, ‘এখানে এসে যেন আবার ফিরে গেলাম ভুটানে।’ মাহমুদুল হক আর হামিদুজ্জামান খান একই ভাষায় বললেন, ‘ভুটানের প্রকৃতি আমাদের দিয়ে অন্য রকম ছবি আঁকিয়ে নিয়েছে।’ তরুণ ঘোষের চোখে এখনো ভুটান। শিশির ভট্টাচার্য্য আক্ষেপ করে বললেন, ‘ভুটানের বিশাল ক্যানভাস এখানে এসে ফ্রেমে বন্দী হয়েছে চারদেয়ালের মধ্যে। বিশাল প্রকৃতি এখন ফ্রেমে বন্দী।’ ভুটান আর্ট ক্যাম্পে নগরবাসী বর্মণ ছিলেন সর্বকনিষ্ঠ শিল্পী। তিনি বললেন, ‘আমাদের প্রত্যেকের ছবিতেই ভুটানের রং এসে জায়গা করে নিয়েছিল। রনবী স্যার আঁকলেন ল্যান্ডস্কেপ, সমরজিৎ রায়ের ছবিতে উজ্জ্বল ফুল। এ রকম প্রত্যেকের ছবিই যেন অন্য রকম হয়ে উঠল।’ গ্যালারি কায়ার কর্ণধার গৌতম চক্রবর্তী বললেন, ‘আর্ট ক্যাম্পের ছবিগুলোর প্রদর্শনী হচ্ছে। খুব ভালো লাগছে।’ ভুটানের প্রকৃতির কাছে এসে শিল্পীরা প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছিলেন। নগরজীবনের বাইরে গিয়ে আবার তাঁরা প্রকৃতির কাছাকাছি হয়ে পুনর্জাগরিত হয়েছেন। এ জন্যই প্রদর্শনীটির নাম ‘রিনিউয়াল ইন সেরেনিটি’।