গ্যালারি ছেড়ে যাওয়া দর্শকদের জন্য আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শকেরা সেই প্রথম ইনিংসের পর থেকেই উৎসবের প্রতীক্ষায় ছিল। কিন্তু ক্ষণে ক্ষণে রং বদলানো দ্বিতীয় ইনিংসটি সেই উৎসবে বাধা হয়ে দাঁড়াচ্ছিল বারবার। নাঈম ইসলাম আউট হওয়ার পরপরই স্টেডিয়ামে উপচে পড়া দর্শক কমতে শুরু করে। এরপর রাজ্জাকের বিদায়ের পর গ্যালারির প্রায় এক-তৃতীয়াংশ ফাঁকা হয়ে যায়। কিন্তু যারা টাইগারদের ওপর বিশ্বাস রেখে শেষ পর্যন্ত বসেছিল জয়ের প্রতীক্ষায়, সেই জয়ের উচ্ছ্বাস তো বাঁধভাঙা হবেই। পশ্চিম গ্যালারিতে বসা নারী দর্শক রাফিজা হক আনন্দে কেঁদে ফেলেন। তিনি বলেন, মাঠে বসে বিশ্বকাপের সাক্ষী হতে এসেছিলাম। দেশের জয়ের আশা ছিল। কিন্তু সেই আশা যে শতভাগ পূরণ হবে ভাবিনি।’ এক নিঃশ্বাসে কথা শেষ করার পর তিনি হাসলেন। সেই হাসি বাঁধভাঙা। এই উচ্ছ্বাস থেকে বঞ্চিত হওয়ার জন্য আফসোসে পুড়তে পারে গ্যালারি ছেড়ে যাওয়া দর্শকেরা।শফিউল ও মাহমুদুল্লাহর ব্যাটে ভর করে যখন বাংলাদেশ দুর্দশা থেকে বেরিয়ে আসছিল, তখন থেকে গ্যালারির দর্শকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। শেষ কয়েকটি ওভারে পুরো স্টেডিয়াম যেন দাঁড়িয়ে ছিল। কেউই আর নিজ আসনে বসেনি। সবাই ছিল কাঙ্ক্ষিত জয়ের প্রতীক্ষায়। এ দলে ছিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যরাও। দায়িত্ব পালনের পাশাপাশি তাঁরাও জয় উদ্যাপন করেছেন সহকর্মী ও সাধারণ দর্শকদের সঙ্গে কোলাকুলি করে। জয়ের জন্য তখনো চার রান বাকি। পূর্ব গ্যালারির শাওন নামে এক দর্শক উত্তেজনা ও অনুমিত আনন্দে গ্যালারির নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ সদস্যের সঙ্গে কোলাকুলি করে ফেলেন। শাওন বলেন, ‘এ ধরনের একটি জয়ের প্রতীক্ষায় ছিলাম আমরা। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২২৫ রানে অলআউট হওয়ার পরই আমি আশাবাদী ছিলাম। তাই শেষ পর্যন্ত গ্যালারি ছাড়িনি।’ ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামপাড়া ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে। স্টেডিয়াম থেকে দলে দলে লোকজন মিছিল নিয়ে বের হতে থাকে। হাতে তাদের জাতীয় পতাকা ও বেশির ভাগেরই গায়ে ছিল লাল-সবুজ জার্সি। তাদের সঙ্গে মিছিলে যোগ দেয় স্টেডিয়ামের আশপাশের মানুষও। মাঠ থেকে বের হওয়া বুভুজেলা আর ঢোলসমেত খণ্ড খণ্ড মিছিল থেকে কেবল ভেসে আসছিল ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ ধ্বনি। চট্টগ্রামের চাবি আগেই তাঁদের হাতে তুলে দিয়েছিলেন সিটি করপোরেশনের মেয়র। ‘৫৮’ বিভীষিকার পর চারদিকে দুয়োধ্বনি। ওই অবস্থায় চট্টগ্রামে উষ্ণ সংবর্ধনা সাকিব বাহিনীকে নিজেদের খুঁজে পাওয়ার জন্য টনিক হিসেবে কাজ করেছিল। আর টাইগাররা সেই সংবর্ধনার জবাব দিলেন একটি রুদ্ধশ্বাস জয় উপহার দিয়ে। স্টেডিয়ামে বসে খেলা না দেখলেও নগরের বিভিন্ন মোড়ে বসানো বড় পর্দার সামনেও ছিল ম্যাচ নিয়ে উত্তেজনা। এসব স্থান থেকেও বের হয় খণ্ড খণ্ড মিছিল। নগরের জিমনেশিয়াম প্রাঙ্গণ, সিআরবি মোড়, কাট্টলী, ও লালদিঘি মাঠে বড় পর্দার সামনের দর্শক খণ্ড খণ্ড মিছিল বের করে তৎক্ষণাৎ। এ ছাড়া নগরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকেও বের হয় মিছিল। রাতের নীরবতা ভেঙে যেন পুরো নগর পরিণত হয় মিছিলের নগরে। মোমিন রোড, আসকারদিঘির পাড়, কাজীর দেউড়ি, এনায়েত বাজার, নিউমার্কেট, বহদ্দারহাট, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন স্থান থেকে বের হওয়া মিছিলে ছিল জয়ের বাঁধভাঙা উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসে তরুণ-তরুণী, খেটে খাওয়া মানুষ, রিকশাওয়ালা সবাই যোগ দেয়। কোনো কোনো স্থানে মিষ্টি বিতরণও চলে। আর চলে আতশবাজি।