গ্যালারির ক্যাফেতে আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক এই জীবনে আধুনিক স্থাপত্যশিল্প ও স্থাপত্যকলা মানেই দামি পাথর, গ্লাস ও স্টিলের কাজকারবার। এই পরিস্থিতিতে ঢাকা আর্ট সেন্টারের ক্যাফে ‘অজ’ বলবে আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। প্রকৃতির মাঝে পাওয়া এবং প্রকৃতির সহজ, সাধারণ উপকরণ দিয়ে যেকোনো স্থাপনার অন্দর-বাহির রাঙিয়ে তোলা যায়, তার সবচেয়ে সহজ উদাহরণ রেস্টুরেন্ট ‘অজ’। বর্তমান সময়ে নিজেকে কোনো জায়গায় খাপ খাওয়ানোটা অনেক দুঃসাধ্য। আমাদের উপস্থিতি, বিচরণ কোথায় অবাধ ও সহজে গ্রহণযোগ্য হবে—এই ভাবনায় আমরা প্রায়ই নিজেদের অযাচিত ও তুচ্ছ মনে করি। কিন্তু সেই সংকট দূর করতে ধানমন্ডির ৭-এ সড়কের ৬০ নম্বর বাড়িতে তৈরি হয়েছে রেস্টুরেন্ট অজ। ঢাকা আর্ট সেন্টারের প্রবেশমুখ থেকে প্রধান ভবনের চারপাশের পড়ে থাকা খালি অংশটার সেই আদি চেহারা, মাটির পাত্রে পানিতে ভেজানো সতেজ ফুল, দুই পাশের সবুজ গাছের সারি, লুকানো স্পটলাইটের আলো ও বাংলা কবিতার বিখ্যাত পঙিক্তমালা রয়েছে আপনাকে স্বাগত জানাতে।এখানে প্রবেশ করে আপনার একবারও মনে হবে না যে আপনি ব্যস্ততম এক নগরে বাস করছেন। পুরোনো জাহাজের কাঠ দিয়ে তৈরি রেলস্টেশনের ওয়েটিং জোন-সদৃশ সহজ খাবারের জায়গা। হালের ফাস্টফুডের যত খাবার রয়েছে, তার প্রায় সবই আছে এখানে।খ্যাতিমান শিল্পীদের প্রদর্শনীর আয়োজন করে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় বেশ আগেই সুনাম কুড়িয়েছে। ধানমন্ডির ১৬ নম্বর সড়কের ২৭৫/এফ নম্বর বাড়ির এই গ্যালারিতে আছে খাওয়া ও আড্ডা দেওয়ার দারুণ ব্যবস্থা। একেবারেই বাণিজ্যিক আদলে নয়, বরং কিছুটা সংস্কৃতিমনাদের জন্য এই ব্যবস্থা। শিল্পপিয়াসীরা যাতে প্রদর্শনী দেখে ক্যাফেতে বসে ছবি নিয়ে আলোচনা করতে পারেন, তাঁদের জন্যই করা হয়েছে বেঙ্গল ক্যাফে। এমনটাই জানালেন বেঙ্গল শিল্পালয়ের পরিচালক সুবীর চৌধুরী। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে এই ক্যাফে। এখানে আছে চা, কফি, স্ন্যাক্স, নানা স্বাদের সালাদ আর মাছ-মাংসের হরেক পদ। এ ছাড়া মোগলাই খাবার পোলাও, বিরিয়ানিও রয়েছে বেঙ্গল ক্যাফেতে। যেকোনো খাবার খেতে হলে হাতে কিছুটা সময় রেখেই ফরমায়েশ দিতে হবে। সুবীর চৌধুরী জানালেন, ঘরোয়া পরিবেশে কম তেল-মসলা ব্যবহার করে এখানে খাবার রান্না করা হয়। একজন ৬০ থেকে ১৭০ টাকায় খাবার সারতে পারবেন এখানে।এদিকে মিরপুর রোডের ২৬ নম্বর বাড়ির আলিয়ঁস ফ্রঁসেজের ‘ক্যাফে লা ভেরান্দা’ বহুদিন ধরেই সংস্কৃতিমনা মানুষের প্রিয় জায়গা। এখানে চা কিংবা কফির কাপে চুমুক দিতে দিতে অনেকেই আড্ডায় মেতে ওঠেন। চা কিংবা কফির সঙ্গে ব্রাউনি কেক, রোল, চপ, জুস কিংবা হালকা যেকোনো খাবারের স্বাদ নিতে ভোলেন না ভোজনপ্রিয়রা। এখানে আবার পত্রিকা কিংবা ম্যগাজিনের পাতা উল্টেপাল্টে দেখার সুযোগ রয়েছে। ক্যাফে লা ভেরান্দার পরিবেশটাও দারুণ। হালকা মিউজিকের সঙ্গে আয়না দিয়ে নকশা করা ইন্টেরিয়র আর হালকা আলো কিছুটা হলেও আপনাকে প্রশান্তি দেবে।আলিয়ঁস ফ্রঁসেজের প্রোগ্রাম কর্মকর্তা খন্দকার মাহমুদ হাসান জানান, সংস্কৃতিমনা এবং এখানে ভাষা শিখতে আসা শিক্ষার্থীরাই মূলত সরগরম করে রাখেন এই ক্যাফে। তবে এটা সবার জন্যই উন্মুক্ত। ভূরিভোজ নয়, শুধু হালকা খাবারের ব্যবস্থা আছে এখানে। যেকোনো মেন্যুর স্বাদ নিতে খরচ করতে হবে ৩০ থেকে ১০০ টাকা।ধানমন্ডির আরেক ভিনদেশি সংস্কৃতিকেন্দ্র গ্যেটে ইনস্টিটিউট। ৯ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির এই কেন্দ্রেও রয়েছে একটি ক্যাফেটেরিয়া। তবে এখানকার পরিবেশটা একটু অন্য রকম। এখানকার তিনতলার ছাদে রয়েছে ‘রুফটপ জার্মান কাফেটেরিয়া’। ছাদে সাজানো এই কাফেটেরিয়ায় সন্ধ্যার পরে গেলে মনে হবে যে সব আলো নিয়ে উঁকি দিচ্ছে পূর্ণিমার চাঁদ। ছাদের ওপর ছোট্ট এক চিলতে জায়গা। ছাদজুড়ে ছিমছাম চেয়ার পাতা, সুন্দর বসার ব্যবস্থা। চেয়ারগুলোর চারপাশে অসংখ্য সবুজ বৃক্ষ। চেয়ারে বসেই দেখা যাচ্ছে রাতের সুনসান নীরব ঢাকা। মৃদু শব্দে গান বাজছে। হঠাৎ আকাশ কালো হয়ে নামল বৃষ্টি। নামল মুষলধারে, কিন্তু কেউ চেয়ার ছেড়ে উঠল না। সবাই হাত বাড়িয়ে স্পর্শ করছে বৃষ্টি। কিন্তু বৃষ্টিতে ভিজছে না কেউই। বৃষ্টিতে ভিজতে হবে কেন? মাথার ওপর যে ছোট্ট এক টুকরো চাল।এখানে খাবারের ব্যবস্থাও বেশ। চা, ফ্রেঞ্চফ্রাই, ফ্রুট জুস, লেমন এইড সোডা, শর্মা, চিকেন ও বিফ বার্গার, ডিম চপ, থাই স্যুপ, ভেজিটেবল চিপস—কী নেই এখানে। এসব খাবার পাওয়া যাবে ১০ থেকে ১০০ টাকার মধ্যে।রুফটপ জার্মান কাফেটেরিয়ায় নিয়মিত আসেন ইন্টেরিয়র ডিজাইনার আমরিন চৌধুরী। তিনি বললেন, ‘ক্যাফেটেরিয়ার পাশেই খোলা মাঠ, খুব সহজেই দখিনা বাতাস পাওয়া যায়। এমন পরিবেশের জন্যই এখানে আসা হয়।’ এখানে খাওয়াদাওয়া ও প্রকৃতির সান্নিধ্য পাওয়ার পাশাপাশি প্রতি বৃহস্পতিবার বাড়তি পাওয়া হিসেবে আছে গানের আসর।