গ্যালিলিওর দাঁত ও আঙুল প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালিলিও গ্যালিলি। আইনস্টাইন যাকে বলেছেন, ‘আধুনিক পদার্থবিজ্ঞানের পিতা’ আর স্টিফেন হকিং বলেছেন, ‘আধুনিক বিজ্ঞানের বিবেক’। সেই জগদ্বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানীর হারানো একটি দাঁত আর ডান হাতের দুটি আঙুল ৭ জুন ফ্লোরেন্সের গ্যালিলিও জাদুঘরে প্রদর্শনীতে দেখানো হয়।১৫৬৪ সালে গ্যালিলিওর জন্ম। তিনিই প্রথম মহাজাগতিক বার্তাবাহক টেলিস্কোপ আবিষ্কার করেন। সেই টেলিস্কোপ অন্তহীন আকাশের ঘন অন্ধকার থেকে আলোকিত সব খবর পেড়ে আনতে শুরু করল। মহাবিশ্বকে সম্পূর্ণ আলাদা ও নতুনভাবে দেখতে পেল মানুষ। সৌরজগতের কেন্দ্রে সূর্যকে বসালেন গ্যালিলিও। তিনি আরও বললেন, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তখনকার চার্চের চাচারা গ্যালিলিওর এই আকাশবাণীকে মেনে নিতে পারেননি, শেষে ধর্মই থাকে কি না! এ জন্য গ্যালিলিওকে বিচারের মুখোমুখি হতে হয়েছিল। এমনকি তাঁর মৃত্যুর পরও চার্চের পবিত্র মাটি থেকে তাঁর মরদেহ সরিয়ে নেওয়ার অভিযোগ তুলেছিল চার্চ।১৬৪২ সালে গ্যালিলিও মারা যান। এর ৯৫ বছর পর ১৭৩৭ সালে গ্যালিলিওর মরদেহ স্থানান্তর করে নেওয়া হয় সান্তা ক্রস (Santa Croce) চার্চে মাইকেল অ্যাঞ্জেলোর সমাধির বিপরীতে। গ্যালিলিওর স্মৃতি সংরক্ষণের জন্য সে সময় তাঁর মরদেহ থেকে হাতের তিনটি আঙুল, একটি দাঁত আর মেরুদণ্ডের একাংশ কশেরুকা কেটে নেওয়া হয়। কিন্তু সেগুলো চুরি হয়ে যায়। অবশ্য কশেরুকা ও একটি আঙুল অল্প দিনের মধ্যে খুঁজে পাওয়া যায়। কশেরুকাটি সংরক্ষণ করা হয় পাডুয়া বিশ্ববিদ্যালয়ে। আর গ্যালিলিওর ডান হাতের বুড়ো ও মধ্য আঙুল দুটি এবং দাঁতটি তাঁর গুণগ্রাহী ভক্তদের কাছে সংরক্ষিত ছিল। কিন্তু ১৯০৫ সাল থেকে সেগুলো নিখোঁজ হয়ে যায়। অবশেষে ২০০৯ সালের অক্টোবরে ফ্লোরেন্সের আলবার্তো ব্রুস্কি সেগুলো খুঁজে পান। ব্রুস্কি বলেন, ‘আশা করি, অঙ্গগুলো গ্যালিলিওর কবরে রাখা হবে। যদি কোনো দিন গ্যালিলিও কবর থেকে বেরিয়ে আসেন, তবে যেন তিনি সম্পূর্ণ এক গ্যালিলিও হয়েই আসতে পারেন!’গ্যালিলিওর হারানো সেই দাঁত, ডান হাতের বুড়ো ও মধ্য আঙুল দুটি এবং বিজ্ঞানমনস্কদের জন্য প্রদর্শনীর আয়োজন করেছিল ফ্লোরেন্সের গ্যালিলিও জাদুঘর।